সিলেট ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, মে ১১, ২০২১
প্রভাতবেলা ডেস্ক:
ঈদের বাকি আছে মাত্র দুইদিন। করোনাভাইরাসের মধ্যেও শেষ সময়ে ঈদে গ্রামের বাড়ি যেতে মানুষের ঢল নেমেছে গাবতলী সংলগ্ন আমিনবাজার এলাকায়। ট্রাক, মিনিট্রাক, প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলে চড়ে কর্মমুখী মানুষ ঢাকা ছাড়ছেন।
মঙ্গলবার (১১ মে) রাজধানীর আমিনবাজার এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঈদ উপলক্ষে সরকারের দেওয়া নির্দেশনা অমান্য করে সাধারণ মানুষ গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশে রওনা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতেও পড়তে হচ্ছে তাদের।
ঢাকা ছেড়ে যাওয়া এসব মানুষের অধিকাংশই শ্রমজীবী। তারা বলছেন, ঈদ তাই বাড়ি যাচ্ছি। লকডাউনের কারণে বাস বন্ধ থাকায় অনেক সমস্যা হচ্ছে। লকডাউনের মধ্যে ঢাকায় থেকে কোনো লাভ নেই।
কথা হয় রংপুরগামী যাত্রী মোহাম্মদ আতাহার হোসেনের সঙ্গে। গ্রামে যাচ্ছেন কেন এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগে রিকশা চালিয়ে দিনে প্রায় এক থেকে দেড় হাজার টাকা পর্যন্ত ইনকাম করেছি। লকডাউন দেওয়ার পর থেকে ৫০০ টাকার বেশি করতে পারি না। এই টাকা দিয়ে চলা যায় না। ঢাকায় থেকে কী করব? তাই গ্রামে যাচ্ছি। লকডাউন উঠে গেলে আবার চলে আসব।’
কথা হয় গাড়িচালক মোহাম্মদ সোহাগ হোসেনের সঙ্গে। তিনি বলেন, করোনার কারণে বাস বন্ধ রয়েছে। সামনে ঈদ তাই গত কয়েকদিন ধরেই মানুষ গ্রামের বাড়ি যাচ্ছে। তবে আজ দুপুর থেকেই যাত্রীদের চাপ বেড়েছে।
এদিকে গাবতলী, কল্যাণপুর, শ্যামলী এলাকায় দেখা গেছে, সকাল থেকে এসব সড়কে যানজট। ঘরমুখী মানুষের ঢল। দূরপাল্লার বাস না চললেও মানুষ নানা উপায়ে ঢাকা ছাড়ছেন। কেউ হেঁটে যাচ্ছেন, কেউবা ব্যক্তিগত প্রাইভেটকারে ঢাকা ছাড়ছেন। কেউ কেউ আবার সিএনজিচালিত অটোরিকশায় চড়েও ঢাকা ছাড়ছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি