রাডার ক্রয় দুর্নীতি মামলায় এরশাদ খালাস

প্রকাশিত: 12:13 AM, April 20, 2017

প্রভাতবেলা প্রতিবেদক: রাডার ক্রয় দুর্নীতি মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদসহ তিন আসামিকে খালাস দিয়েছেন আদালত।বুধবার বিকেলে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন এ রায় ঘোষণা করেন।

এর আগে ১২ এপ্রিল যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এদিন ধার্য করেন আদালত।

 আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, যুক্তিতর্ক পর্যালোচনা করে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদসহ সবাইকে খালাস দিয়েছেন আদালত।

মামলায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ছাড়াও অন্য তিন আসামি হলেন- বিমানবাহিনীর সাবেক প্রধান সুলতান মাহমুদ, সাবেক সহকারী প্রধান মমতাজ উদ্দিন আহমেদ ও ইউনাইটেড ট্রেডার্সের পরিচালক এ কে এম মুসা (মৃত)। ইউনাইটেড ট্রেডার্সের অপর পরিচালক শাহজাদ আলীকে এ মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।

১৯৯২ সালের ৪ মে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো মামলাটি দায়ের করে। মামলার অভিযোগে বলা হয়, তৎকালীন সেনাবাহিনী প্রধান এরশাদসহ অপর আসামিরা পরস্পরের যোগসাজশে আর্থিক সুবিধাপ্রাপ্ত হয়ে থমসন সিএসএফ কোম্পানির রাডার না কিনে বেশি দামে যুক্তরাষ্ট্রের ওয়েস্টিং কোম্পানির রাডার কেনে। এতে সরকারের ৬৪ কোটি ৪ লাখ ৪২ হাজার ৯১৮ টাকা আর্থিক ক্ষতি হয়।

আরও পড়ুন  সাত মাসের শিশুকে এসিড নিক্ষেপ, নারী আটক

১৯৯৪ সালের ২৭ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ১৯৯৫ সালের ১২ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ২০১৩ সালের ২৪ এপ্রিল মামলাটির সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হয়।

সর্বশেষ সংবাদ