রেল যোগাযোগ বিচ্ছিন্ন: স্বাভাবিক হতে পারে শনিবার

প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০১৭

সংবদাদাতা, হবিগঞ্জ: সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ১ এপ্রিল শনিবার ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে। বৈরী আবহাওয়া আর যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ায় জনদুর্ভোগ চরমে।
হবিগঞ্জের মাধবপুরে পিলার ভেঙে ব্রিজ ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ঝুঁকিপূর্ণ ব্রিজটির মেরামত কাজ শুরু হয়েছে। মেরামত কাজ শেষে রেল যোগাযোগ সচল হতে ১ এপ্রিল (শনিবার) সকাল পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রেলওয়ে সূত্রে জানা গেছে, এর আগে ৩০ মার্চ (বৃহস্পতিবার) দুপুরে মাধবপুর উপজেলার ইটাখোলার অদূরে ৫৫ নং ব্রিজটি অনেকদিন ধরে ঝুঁকিপূর্ণ ছিল। বুধবার রাতভর প্রচন্ড বৃষ্টির কারণে ব্রিজের নিচ থেকে মাটি সরে গেছে। সেই সাথে একটি পিলার ধসে পড়েছে। ফলে ব্রিজটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার ঢাকা থেকে আসা রেলওয়ে বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ব্রিজটি মেরামতের কাজ শুরু করেছেন।
স্থানীয়রা জানান, প্রতিদিন আন্তঃনগর ট্রেন, জয়ন্তিকা, পাহাড়িকা, উদয়ন, কালনী, সুরমা ও জালালাবাদসহ ১৫-২০টি ট্রেন এ ব্রিজের ওপর দিয়ে চলাচল করে। দীর্ঘদিন ধরে ওই ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়লেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেরামতের কোনো উদ্যোগ নেয়নি।
রেলওয়ে বিভাগের চিফ ইঞ্জিনিয়ার মো. শহীদুল ইসলাম জানান, ব্রিজটির অবস্থা খুবই নাজুক। মেরামতের কাজ শুরু হয়েছে। পুরোপুরি মেরামত না করা পর্যন্ত সারাদেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল বন্ধ থাকবে। ট্রেন চলাচল স্বাভাবিক হতে শনিবার সকাল পর্যন্ত সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ