লাখাইয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫

প্রকাশিত: 5:49 PM, October 13, 2023

লাখাইয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫
হবিগঞ্জের লাখাই উপজেলায় টমটম ভাড়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের দেওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা।

 

শুক্রবার দুপুরে উপজেলার বুল্লা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে লাখাই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সিংহ গ্রামের টমটম ড্রাইভার আলী হোসেনের ছেলে আফিল মিয়ার সঙ্গে টমটম ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয় পশ্চিম বুল্লা গ্রামের রানার মিয়া নামে এক যুবকের। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। পরে বিষয়টি উভয়ের স্বজনদের মধ্যে জানাজানি হলে সিংহ গ্রাম ও পশ্চিম বুল্লা গ্রামের লোকজন বুল্লা বাজারে জড়ো হন। একপর্যায়ে ফের উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হন।

লাখাই থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া জানান, টমটমের ভাড়া দেওয়া-নেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সর্বশেষ সংবাদ