শাওনের অনবদ্য ব্যাটিং; ব্লু নবাগতকে বিশাল ব্যবধানে হারিয়েছে হোয়াইট মোহামেডান!

প্রকাশিত: ১:৫৭ পূর্বাহ্ণ, মার্চ ১৯, ২০২৪

শাওনের অনবদ্য ব্যাটিং; ব্লু নবাগতকে বিশাল ব্যবধানে হারিয়েছে হোয়াইট মোহামেডান!

 

তানজীল শাহরিয়ার

 

ব্লু-বার্ড অটো ২য় বিভাগ ক্রিকেট লিগ ২০২৩-২৪-এর ৬ষ্ঠ ম্যাচে ব্লু নবাগতকে ১০০ রানে হারিয়েছে হোয়াইট মোহামেডান।

 

ব্লু নবাগত টসে জিতে হোয়াইট মোহামেডানকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায়। দীপ্ত এবং শাওনের উদ্বোধনী জুটিতে ৬০ রান আসে। হোয়াইট মোহামেডানের শাওন এক প্রান্ত থেকে অনবদ্য ব্যাটিং করে যাওয়ায় রান তোলার গতির হেরফের হয়নি।

 

শাফি এবং মাহমুদুল শাওনকে যোগ্য সংগত দিয়েছেন।

 

নির্ধারিত ৩৫ অভারে ৬ উইকেটের বিনিময়ে ১৮৯ রান তোলে হোয়াইট মোহামেডান।

 

শাওন ৭৫ রান করে অপরাজিত থাকেন। ৯১ বলে খেলা এই ইনিংসে ছিলো ৫টি চার এবং ১টি ছক্কা। শাফি ২৫, দীপ্ত ২২, মাহমুদুল ১৬ রান করেন।

 

ব্লু নবাগত’র সুমন এবং মুমিন ২টি করে, সায়েম এবং আবিদ ১টি করে উইকেট লাভ করেন।

 

সাজু আর সুমনের উদ্বোধনী জুটি ৩৮ রান তুলে ব্লু নবাগতকে সন্তোষজনক সূচনা এনে দিয়েছিলো। অনির্বাণ সাজুকে বোল্ড করে সাজঘরে ফিরিয়ে হোয়াইট মোহামেডানকে ব্রেক থ্রু এনে দেন।

আরও পড়ুন  নবীগঞ্জে দুই ভুয়া ডাক্তার আটক

 

১ম উইকেট পতনের পর ব্লু নবাগত’র ব্যাটিং লাইন আপ ‘বালির বাঁধের’ ভেঙে পড়ে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ১৯০ রান তাড়া করতে নামা দলটি।

 

শেষ পর্যন্ত ২৭.৪ অভার ব্যাট করে সব উইকেট খুইয়ে সাকল্যে ৮৯ রান তোলে ব্লু নবাগত।

 

সাজু (২৪) এবং সুমন (২১) ছাড়া বাকি ৯ ব্যাটারের কেউই আর দুই অঙ্কের দেখা পাননি। তাই ১০০ রানের বিশাল ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয়েছে ব্লু নবাগতকে।

 

হোয়াইট মোহামেডানের আমিনুল ১৬ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। বাপ্পি এবং অনির্বাণ ২টি করে, নাহিয়ান ১টি উইকেট লাভ করেন।

 

অনবদ্য ব্যাটিং নৈপূণ্যের সুবাদে ম্যাচসেরার পুরষ্কার পেয়েছেন হোয়াইট মোহামেডানের শাওন।

 

সর্বশেষ সংবাদ