শাবিতে চালু হলো ই-পেমেন্ট সার্ভিস

প্রকাশিত: 12:38 PM, December 17, 2020

শাবিতে চালু হলো ই-পেমেন্ট সার্ভিস

প্রতিনিধি, শাবি:

ক্রেডিট ফি, সেমিস্টার ফি, ট্রান্সক্রিপ্ট উত্তোলন ফিসহ শিক্ষার্থীদের সকল ধরণের ফি অনলাইন ব্যাংকিং সিস্টেমে নিতে ‘সাস্ট ই-পেমেন্ট সার্ভিস’ চালু করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের সোনালী ব্যাংকে গিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে ফি দেওয়ার ভোগান্তি কমাতে চালু করা হয়েছে এই সার্ভিস।

বুধবার (১৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভা কক্ষে এক শিক্ষার্থীর সেমিস্টার ফি জমাদানের মাধ্যমে এই ‘সাস্ট ই-পেমেন্ট সার্ভিস’ এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

নতুন সংযোজিত এই সার্ভিসের উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজন সর্বক্ষেত্রে ডিজিটালাইজেশন। সেজন্য এ বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামী এক বছরের মধ্যে শাবিপ্রবি হবে ‘রোল মডেল অব ডিজিটাল ইউনিভার্সিটি।’

শিক্ষার্থীদের ভোগান্তি কমাতেই এই সার্ভিস চালু করা হয়েছে উল্লেখ করে উপাচার্য বলেন, ‘ছাত্র-ছাত্রীদের সরাসরি ব্যাংকে গিয়ে লম্বা লাইন ধরে বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ফি জমা দিতে হয়। এতে করে নানা ধরনের ঝামেলা পোহাতে হয়। তাই এ সকল ধরনের ঝামেলা এড়াতে ‘সাস্ট ই-পেমেন্ট সিস্টেম’ চালু করা হয়েছে। কেননা এ সেবাটি শিক্ষার্থীদের সময় সাশ্রয় করার পাশাপাশি ব্যাংকের লাইনে দাঁড়ানোর ভোগান্তি থেকে মুক্তি দেবে।’

আরও পড়ুন  সিলেটে দূর্গত মানুষের পাশে বিএনপি মহাসচিব

এর আগে সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শুরু করেন উপাচার্য।

 

ই-পেমেন্টের প্রক্রিয়াটি হলো-

শিক্ষার্থীরা সাস্ট ই-পেমেন্ট সিস্টেম https://epayment.sust.edu তে প্রবেশ করে Pay Now তে ক্লিক করে নির্ধারিত তথ্য প্রদান সাপেক্ষে নির্ধারিত ফি জমা দিতে পারবেন। এতে বিশ্ববিদ্যালয়ের যে কোনো শিক্ষার্থী ঘরে বসেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফি (সেমিস্টার রেজিস্ট্রেশন ফি, ক্রেডিট ফি প্রভৃতি) বিকাশ, রকেট, ভিসা/মাস্টার কার্ড কিংবা সোনালী ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অনলাইনে খুব সহজেই জমা দিতে পারবে। এমনকি সেবাটি সারা বছর ২৪ ঘণ্টায় চালু থাকবে। এছাড়া বিশ্বের যে কোনো দেশ থেকে বিদেশি কার্ড ব্যবহার করেও চাইলে যে কোন ফি প্রদান জমা করা যাবে। সাথে টাকা জমার একটি রশিদও প্রদান করা হবে এখান থেকে।

উদ্বোধনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক অধ্যাপক ড. আখতারুল ইসলাম, গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মুমিন, গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. গোলাম আলী হায়দার চৌধুরী, কম্পিউটার এন্ড ইনফরমেশন সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ রেজা সেলিম, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাসুম, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন, হিসাব পরিচালক আ. ন. ম. জয়নাল আবেদিন, প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমান প্রমুখ।

আরও পড়ুন  কোম্পানীগঞ্জে ৮০ লক্ষ টাকার যন্ত্রাংশ ধ্বংস

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এই সফটওয়্যার তৈরিতে কারিগরি সহায়তা প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল এবং কম্পিউটার ও তথ্য কেন্দ্র।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ