সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৩

সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ

প্রভাতবেলা ডেস্ক:

সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর সিলেট থেকে ঢাকায় ফেরার পথে ঢাকা—সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি।

সিলেটে তার মৃত্যুবার্ষিকীতে ভক্ত অনুরাগীরা নানা কর্মসূচি পালন করছে। মৌলভীবাজারেও পারিবারিকভাবে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এম সাইফুর রহমানের জন্ম ১৯৩২ সালের ৬ অক্টোবর মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দন গ্রামে। তিনি ১৯৪৯ সালে মৌলভীবাজার সরকারি হাইস্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং ১৯৫১ সালে সিলেট এম সি (মুরারিচাঁদ) কলেজ থেকে আইএ পাস করেন। ১৯৫৩ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। পরে তিনি লন্ডনে পড়াশোনা করেন (১৯৫৩—১৯৫৮) এবং ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টট্যান্ট (ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস) থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেন।

 

শিক্ষাজীবন শেষে তিনি ১৯৫৯ সালে ব্রিটিশ অক্সিজেন কোম্পানিতে যোগ দিয়েছিলেন। তার কর্মস্থল ছিলো পাকিস্তানের করাচিতে। তবে সে কাজ ছেড়ে তিনি ঢাকায় চলে এসেছিলেন। ১৯৬২ সালে দুই সহকর্মীকে নিয়ে একটি নিরীক্ষা ফার্ম প্রতিষ্ঠা করেছিলেন।

আরও পড়ুন  সিলেটে তরুণীসহ গ্রেপ্তার ৩, ইয়াবা উদ্ধার

 

এম সাইফুর রহমান এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ছাত্র রাজনীতিতে যোগ দেন এবং সলিমুল্লাহ মুসলিম হল ছাত্র ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তিনি ১৯৬৯ সালে পাকিস্তান জাতীয় বেতন কমিশনে বেসরকারি খাত হতে একমাত্র সদস্য মনোনীত হন। ১৯৭৩ ও ১৯৭৫ সালে বাংলাদেশ জাতীয় বেতন কমিশনের সদস্য ছিলেন।১৯৭৬ সালে জিয়াউর রহমানের সরকারের বাণিজ্য উপদেষ্টা নিযুক্ত হন। ১৯৭৭ সালে তিনি জাতীয়তাবাদী গণতান্ত্রিক দলে যোগ দেন। ১৯৭৯ সালে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মৌলভীবাজার সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭৯ থেকে ১৯৮২ সাল পর্যন্ত মন্ত্রিসভায় বাণিজ্য ও অর্থমন্ত্রী এবং ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

 

তিনি ১৯৯৬ সালে এবং পুনরায় ২০০১ সালে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত ছিলেন।তিনিই প্রথম বাংলাদেশে ভ্যাট প্রথা চালু করেন।

 

আরও পড়ুন  ‘আল-হারামাইন হসপিটাল’ স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টির সেবার লক্ষে যাত্রা শুরু

এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ (মঙ্গলবার) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার মরহুমের গ্রামের বাড়ি বাহারমর্দনে এম সাইফুর রহমান ও দুররে সামাদ ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিমদের খাদ্য বিতরণসহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়াও বিকেল ৪ টায় এম সাইফুর রহমান যাদুঘর এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে মৌলভীবাজার নিতেশ্বর (দুসাই রিসোর্ট সংলগ্ন) স্থানে। এতে জেলা বিএনপির নেতা—কর্মী, নানা শ্রেণিপেশার মানুষ এবং সাংবাদিকরা উপস্থিত থাকবেন।

 

এদিকে, সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে মরহুমের পরিবার আয়োজিত কর্মসূচি সমূহে যোগদান করার পাশাপাশি মরহুমের কবর জিয়ারত, শ্রদ্ধা নিবেদন করা হবে। আজ বেলা ১১ টায় মৌলভীবাজারস্থ বারমর্দন গ্রামে এসব কর্মসূচি পালিত হবে।

 

এতে সংশ্লিষ্ট সকলকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী অনুরোধ জানিয়েছেন।

 

 

সর্বশেষ সংবাদ