সুনামগঞ্জে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২০

সুনামগঞ্জে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

 

প্রতিনিধি, সুনামগঞ্জ:

সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দরিয়াবাজ গ্রামে জমি-সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে আবদুল আলিম তালুকদার নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

 

বৃহস্পতিবার রাত ৮টার দিকে কুইট্টা খাওয়ার দাইড় নামক স্থানে প্রতিপক্ষের লোকজন আলিমকে পিটিয়ে গুরুতর আহত করে। রাত ৯টার দিকে তাকে সেখান থেকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। পরে তার অবস্থার অবনতি হলে শুক্রবার সন্ধ্যায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

শনিবার ভোরে সেখানে মৃত্যু হয় তার। আলিম দরিয়াবাজ গ্রামের হানিফ তালুকদারের ছেলে। স্থানীয় সূত্র জানায়, তালুকি সম্পদ নিয়ে আবদুল আলিম তালুকদারের এলাকার অনেকের সঙ্গে বিরোধ ছিল।

 

এ নিয়ে অতীতে বহুবার মারামারির ঘটনা ঘটে। দুই মাস আগে দরিয়াবাজ গ্রামের নায়েব আলী, সাহেব আলী ও আব্বাছ আলীর বসতঘর অগ্নিদগ্ধ ঘটনায় গ্রামের জয়নাল ও চান্দুর বিরুদ্ধে মামলা হয়।

আরও পড়ুন  করোনায় সুনামগঞ্জে প্রথম মৃত্যু

বৃহস্পতিবার দুপুরে এই দুজনকে গ্রেফতার করে পুলিশ। জয়নাল ও চান্দুর বিপক্ষে অবস্থান ছিল আলিমের। আলিমের স্বজনরা জানান, মামলায় জয়নাল ও চান্দু গ্রেফতারের প্রতিশোধ নিতে বৃহস্পতিবার রাত ৮টার দিকে ‘কুইট্টা খাওয়ার দাইড়’ নামক বিলে আলিমকে খবর দিয়ে নেয় প্রতিপক্ষের লোকজন। সেখানে নিয়ে তাকে পিটিয়ে গুরুতর জখম করে জয়নাল ও চান্দু পক্ষের লোকজন। এদিকে শনিবার বিকালে সিলেট থেকে আলিমের লাশ সুনামগঞ্জ সদর মডেল থানা প্রাঙ্গণে এনে রাখা হলে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে থানার আঙিনা। এই নৃশংস হত্যাকান্ডের বিচার দাবি করেন গ্রামবাসী।

 

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান জানান, আলিম হত্যার ঘটনায় এখন পর্যন্ত স্বজনদের পক্ষ থেকে কোনো মামলা দেওয়া হয়নি। লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ