১০ বছরে বিএসএফের হাতে ২৯৪ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: 12:51 AM, July 12, 2019

১০ বছরে বিএসএফের হাতে ২৯৪ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রভাতবেলা ডেস্ক: আগের তুলনায় সীমান্তে হত্যা অনেকটা কমে এসেছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর গত ১০ বছরে (২০০৯-২০১৮) সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে ২৯৪ জন নিহত হয়েছে।

এর মধ্যে ২০০৯ সালে ৬৬ জন, ২০১০ সালে ৫৫ জন, ২০১১ সালে ২৪ জন, ২০১২ সালে ২৪ জন, ২০১৩ সালে ১৮ জন, ২০১৪ সালে ২৪ জন, ২০১৫ সালে ৩৮ জন, ২০১৬ সালে ২৫ জন, ২০১৭ সালে ১৭ জন এবং ২০১৮ সালে ৩ জন।

বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী এসব তথ্য জানান।

হারুনুর রশীদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সীমান্তে হত্যা কমে আসছে। ২০০৯ সালে যেখানে হত্যা করা হয়েছিল ৬৬ জন, ২০১৮ সালে তা কমে দাঁড়ায় ৩ জনে। সরকার কূটনৈতিক পর্যায়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। সীমান্তে হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিএসএফ একমত পোষণ করে আসছে বলেও জানান তিনি।

আরও পড়ুন  চার মাস পেঁয়াজ রপ্তানি করবে না ভারত

অসীম কুমার উকিলের প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান জানান, সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফ ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে যেসব স্থানে সমন্বিত টহল কার্যক্রমের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে।

‘এক বিওপি (সীমান্ত ফাঁড়ি) থেকে পার্শ্ববর্তী বিওপির মধ্যবর্তী দূরত্ব কমানোর জন্য ১২৮টি বর্ডার সেন্ট্রি পোস্ট (বিএসপি) নির্মাণ করা হয়েছে।’

এছাড়া বিএসএফ সীমান্তের ৩১৮ কিলোমিটার এলাকাকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করে সেখানে আধুনিক ক্যামেরাসহ নজরদারির ব্যবস্থা করছে বলেও জানান মন্ত্রী।

সর্বশেষ সংবাদ