৪ জন কোয়ারেন্টাইনে ৮ জন আইসোলেশনে

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২০

৪ জন কোয়ারেন্টাইনে ৮ জন আইসোলেশনে

 

প্রভাতবেলা ডেস্ক:

করোনাভাইরাস সন্দেহে বাংলাদেশের চারজনকে কোয়ারেন্টাইনে এবং আটজনকে আইসোলেশনে রাখা হয়েছে বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

 

করোনাভাইরাসের সবশেষ পরিস্থিতি ও স্বাস্থ্য সতর্কতা বিষয়ে মঙ্গলবার দুপুরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

 

করোনা আক্রান্ত তিনজন শঙ্কামুক্ত আছেন জানিয়ে তিনি বলেন, দেশের তিন করোনা রোগীর অবস্থা স্থিতিশীল। তারা একটি হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন। ওই তিনজন ছাড়া আরও আটজন আইসোলেশনে আছেন।

 

ডা. সেব্রিনা ফ্লোরা বলেন, ২৪ ঘণ্টায় আমরা আরও সাতজনের নমুনা পরীক্ষা করেছি। তাদের কারও শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাইনি। সব মিলিয়ে আমরা ১২৭ জনের নমুনা পরীক্ষা করেছি। এখন পর্যন্ত তিনজনের শরীরেই করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

 

গত রোববার বিকালে দেশে করোনাভাইরাসে তিনজন শনাক্ত হওয়ার ঘোষণা দেয় আইইডিসিআর। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তখন বলা হয়, এই তিনজনের মধ্যে দুজন ইতালিফেরত। তাদের কাছে থেকে একজন করোনায় আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন  কাকলী শপিং সেন্টারে সন্ত্রাসীদের তান্ডব

 

আজ আইইডিসিআর পরিচালক জানান, ইতালি থেকে আসা প্রবাসী বাঙালিদের কাছাকাছি এসেছেন— এমন চারজনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ ছাড়া বিদেশ থেকে আসা আরও বেশ কিছু ব্যক্তিকে বাড়িতে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। তবে কতজনকে বাড়িতে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে, সে সংখ্যা তিনি জানাননি।

 

মীরজাদী সেব্রিনা বলেন, গত ২৪ ঘণ্টায় সাতজনের নাক-মুখের লালা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কেউ আক্রান্ত হয়নি।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ