আজমিরীগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন

প্রকাশিত: 11:13 AM, July 20, 2020

আজমিরীগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন

 

প্রতিনিধি, হবিগঞ্জ:

 

হবিগঞ্জের আজমিরীগঞ্জে মানসিক ভারসাম্যহীন ভাইকে বাড়িতে ফেরত আনতে গিয়ে ওই ভাইয়ের হাতেই খুন হয়েছেন আপন বড় ভাই।

 

পারিবারিক সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের পুকুড়পাড় গ্রামের মানিক মোদকের ছেলে মানসিক ভারসাম্যহীন রিংকু মোদক (৩৫) কয়েক দিন পূর্বে পরিবারের কাউকে কিছু না বলে হবিগঞ্জ শহরে চলে যায়। সেখানে তার আত্মীয় রিংকুকে দেখে আজমিরীগঞ্জে রিংকুর বাড়িতে খবর দেয়। তখন রিংকুর পরিবারের লোকজন বানিয়াচং উপজেলার আদর্শ বাজারে ব্যবসায় নিয়োজিত রিংকুর বড় ভাই পিংকু মোদক (৩৭)কে ফোনে বিষয়টি জানায়।

 

সেই প্রেক্ষিতে পিংকু তার ভাইকে ফেরত আনতে ১৮ জুলাই দুপুরে হবিগঞ্জ যায়, সেখানে ঘাঠিয়া বাজারে তার মামা লিটন কুড়ির দোকানের সামনে রিংকুকে পেয়ে বাড়িতে ফেরত নিয়ে আসার চেষ্টা করে। এসময় মানসিক ভারসাম্যহীন রিংকু তার কোমরে থাকা ছুরি দিয়ে তার বড় ভাই পিংকুকে ছুরিকাঘাত করে হাতে থাকা ছুরি নিয়ে (বানিয়াচং-আজমিরীগঞ্জ) সার্কেল অফিসে গিয়ে তার ভাইকে সে হত্যা করে এসেছে বলে চিল্লাতে থাকে। পরে সার্কেল অফিসের কম্পিউটার অপারেটর আব্দুল মুমিন রিংকুকে আটক করে সদর থানায় প্রেরণ করে।

আরও পড়ুন  হবিগঞ্জে বাস উল্টে তিনজন নিহত

 

অপরদিকে ছুরির আঘাতে পিংকু সেখানেই লুটিয়ে পড়লে স্থানীয়রা আহত পিংকুকে দ্রুত উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে পিংকুর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট প্রেরণ করা হয়। সিলেটে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৯ জুলাই) বিকাল আনুমানিক ৫টায় পিংকু মারা যান।

 

বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম ঘটনার সত্যতা স্বীকার করেন।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ