আলফাডাঙ্গায় সংখ্যালঘু প্রবাসীর বাড়িতে ও মন্দিরে হামলা, আহত ৫

প্রকাশিত: 10:17 PM, August 5, 2024

আলফাডাঙ্গায় সংখ্যালঘু প্রবাসীর বাড়িতে ও মন্দিরে হামলা, আহত ৫

আলফাডাঙ্গা প্রতিনিধি: আওয়ামীলীগ সরকারের পতনের পরপরই আজ ৫ আগষ্ট সোমবার সন্ধ্যা ৭ টার দিকে ফরিদপুরের আলফাডাঙ্গায় একটি সংখ্যালঘু হিন্দু পরিবারের বাড়িতে ও পারিবারিক মন্দিরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। হামলায় নারী ও শিশুসহ অন্তত ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে আলফাডাঙ্গা থানার সড়ারকান্দি গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী দীপক কুমার বিশ্বাসের বাড়িতে। এ ঘটনায় পুরো ফরিদপুর জেলা জোড়ে তোলপাড় চলছে।
জানা যায়, চলমান বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারনে আজ ঢাকামুখী লংমার্চ চলাকালে বেলা আড়াইটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা দেশ ছেড়ে পালিয়ে যান। এ সংবাদ প্রচার হওয়ার পরপরই বিক্ষোব্ধ জনতা ও বিরোধী দলের নেতাকর্মীরা সরকার দলের লোকজনের বাসা বাড়ি ও ব্যবসা প্রতিষ্টানে হামলা চালান। এমনকি সংখ্যালঘুদের বাসা বাড়িতেও হামলার ঘটনা ঘটে। এ প্রেক্ষিতেই যুক্তরাজ্য প্রবাসী দীপক বিশ্বাসের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। হামলায় নেতৃত্ব দিয়েছে একই থানার বাকাইল গ্রামের আজমল আলীর পুত্র সোহাগ।
কারণ হিসাবে জানা গেছে সোহাগ ২০ লক্ষ টাকা চুক্তিতে সড়ারকান্দি গ্রামের দিলিপ কুমার বিশ্বাসের ছেলে দীপক কুমার বিশ্বাসকে ওয়ার্ক পারমিট ভিসায় ২০২২ সালের ২৬ আগষ্ট যুক্তরাজ্যে পাঠান। যুক্তরাজ্য পাঠানোর সময় উভয়ে একটি চুক্তিনামা সম্পাদন করেন। এতে উল্লেখ করা হয় ভিসা হওয়ার পর দীপক ৫ লক্ষ টাকা পরিশোধ করবেন এবং বাকি টাকা যুক্তরাজ্যে গিয়ে আয় করে পরিশোধ করবেন। তবে অবশিষ্ট ১৫ লক্ষ টাকার বিপরীতে দীপক একটি চেক সোহাগকে প্রদান করেন। চুক্তি মোতাবেক দীপক যুক্তরাজ্যে চলে যান।

আরও পড়ুন  কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ ৪ রোহিঙ্গা ডাকাত নিহত

কিন্তু সেখানে গিয়ে তিনি কাজ না পাওয়ায় অবশিষ্ট টাকা সোহাগকে পরিশোধ করতে পারেননি। এমনকি সোহাগ এখন ১৫ লক্ষ টাকার বিপরীতে সুদে আসলে ৩০ লক্ষ টাকা দাবী করছেন বলে দীপকের পরিবার অভিযোগ করছে। তবে অনেকবার কথা দিয়েও দীপক টাকা না দেয়ায় সোহাগ উত্তেজিত হয়ে পড়েন। প্রতিশোধ পরায়ণ হয়ে সোহাগ আজ সন্ধ্যায় সুযোগকে কাজে লাগিয়ে দীপক বিশ্বাসের বাড়িতে হামলা করেন। এমন অভিযোগ দীপকের স্ত্রী ঝুমুর সরকারের।

হামলায় দীপকের বাড়ি ও মন্দিরে ব্যাপক ক্ষতি সাধিত হয় বলে জানা গেছে। এছাড়া হামলার সময় দীপকের স্ত্রী ঝুমুর সরকার ও ছেলে অর্ণব বিশ্বাস (৭)সহ অন্তত ৫ জন আহত হন বলে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে যুক্তরাজ্য প্রবাসী দীপক কুমার বিশ্বাসের পিতা দিলিপ কুমার বিশ্বাস বলেন, হামলার সময় আমরা অসহায় ছিলাম। কেউ এগিয়ে আসেনি। শেষ খবর পাওয়া পর্যন্ত দীপক বিশ্বাসের বাড়িতে এখনো হাহাকার চলছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ