গৌরীপুরে কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশিত: 4:13 PM, October 25, 2023

গৌরীপুরে কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা
ময়মনসিংহ জেলার গৌরীপুরে মো: শরীফ (১৭) নামের এক কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে মো. এরশাদ (৩৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সিধলা ইউনিয়নের মনাটি গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত শরীফ উপজেলার মনাটি গ্রামের বাসিন্দা মো. সবুজ মিয়ার ছেলে।

 

দুপুর ২টায় গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, সড়কে হেঁটে যাওয়ার পথে হঠাৎ শরীফকে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করেন এরশাদ। এ সময় স্থানীয়রা শঙ্কটাপন্ন অবস্থায় শরীফকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ওসি আরও জানান, ঘটনার পর পরই ঘটনাস্থল এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ঘাতক এরশাদকে গ্রেপ্তার করা হয়েছে। এরশাদ মাদকসহ ৭টি মামলার আসামি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন  আবুল মাল আবদুল মুহিত আর নেই

 

কেন বা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান ওসি।

 

এলাকাবাসী জানায়, নিহত শরীফ ছিলেন ভদ্র ও শান্ত স্বভাবের ছেলে। অপরদিকে খুনি এরশাদ উচ্ছৃঙ্খল ও মাদকাসক্ত হিসেবে এলাকায় পরিচিত। এসব কারণে নিহত শরীফ তাকে সমীহ করত না। এনিয়ে শরীফের প্রতি ক্ষুব্ধ ছিল এরশাদ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ