গ্যাসের চাপ সংকট ॥ দক্ষিণ সুরমাবাসীর দুর্ভোগ

প্রকাশিত: 11:54 AM, January 24, 2017

সংবাদদাতা, দক্ষিণ সুরমা : গ্যাস সংকটের কারণে সিলেটের দক্ষিণ সুরমার কয়েকটি এলাকায় কমে গেছে গ্যাসের চাপ। বিশেষ করে শীতকালে দিনের বেলা গ্যাসের চাপ না থাকায় এসব এলাকার বাসিন্দাদের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে।
গ্যাসের চাপ কমে যাওয়ায় বিপাকে পড়েছেন নগরীর ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডের আবাসিক গ্রাহকরা। এ সমস্যার প্রতিকার চেয়ে সম্প্রতি ওইসব এলাকার বাসিন্দারা জালালাবাদ গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
সিলেট জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের কর্মকর্তারা জানিয়েছেন, গ্যাস সংকটের কারণে সারা দেশেই গ্যাসের চাপ কমে গেছে। গ্যাসের চাপ কম থাকায় আবাসিক গ্রাহকদের পাশাপাশি ওই এলাকার সিএনজি গ্যাস পাম্প ও ক্ষুদ্র শিল্প-কারখানাগুলোতেও ভোগান্তি পোহাতে হচ্ছে।
নগরীর ২৭ নং ওয়ার্ডের নুরপুর এলাকার বাসিন্দারা জানান, শীত মৌসুমে গ্যাসের চাপ কমে যায়। প্রতি বছরই এ রকম হয়। তবে এ বছর অন্যান্য সময়ের তুলনায় বেশি, দিনে গ্যাসের চাপ থাকে না বললেই চলে।
দক্ষিণ সুরমার শিববাড়ী এলাকার কয়েকজন গৃহিণী জানান, দিনে রান্নার কাজে চুলা জ্বালাতে গেলে গ্যাস পাওয়া যায় না। কয়েক দিন ধরেই এ সমস্যা হচ্ছে। কখনো অল্প চাপে গ্যাস পাওয়া যায়। আবার কখনো একেবারেই থাকে না। এ কারণে দিনে বিকল্প উপায়ে রান্নাবান্না করতে হয়।
জালালাবাদ গ্যাসের এক কর্মকর্তা জানান, এ অঞ্চলের গ্যাস লাইনগুলো বেশ পুরনো ও খুব ছোট। অথচ সক্ষমতার তুলনায় গ্রাহক অনেক বেড়ে গেছে। ফলে এ ধরনের সমস্যা দেখা দেয়। এছাড়া শীতকালে গ্যাস জমে গিয়েও চাপ কিছুটা কমে যায়।
জালালাবাদ গ্যাসের দক্ষিণ সুরমা আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক নাসির উদ্দিন চৌধুরী বলেন, পাইপলাইনে ময়লা জমে যাওয়া এবং কোনো কোনো স্থানে সংকুচিত হয়ে যাওয়ার ফলেও গ্যাসের চাপ কমতে পারে। চাপ কমে যাওয়ার কোনো অভিযোগ পেলে আমরা সাধারণত এ বিষয়গুলো খতিয়ে দেখি।
এ ব্যাপারে সিলেট জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খাজা আহমেদ বলেন, গ্যাসের চাহিদা বেড়ে যাওয়ায় সারা দেশেই চাপ কিছুটা কম। দিন দিন গ্যাসের চাহিদা বাড়ছে কিন্তু উত্পাদন বাড়ছে না। মজুদও কমছে। এতে চাপও কমে যাচ্ছে। শীতকালে তা আরো বেড়ে যায়। তিনি বলেন, গ্যাসলাইন বড় করা হলে চাপ অনেকটা বাড়ত। কিন্তু গ্যাস সংকটের কারণে লাইন বড় করা যাচ্ছে না। তবে গ্যাস সংকট কেটে গেলে এ সমস্যা আর থাকবে না বলে মনে করেন তিনি।

সর্বশেষ সংবাদ