চলন্ত বাসে ধর্ষণচেষ্টা : জড়িতদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: 1:07 PM, December 28, 2020

চলন্ত বাসে ধর্ষণচেষ্টা : জড়িতদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

প্রভাতবেলা প্রতিবেদক:

সুনামগঞ্জের দিরাই উপজেলার সুজানগর এলাকায় চলন্ত বাসে এক কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার প্রতিবাদে ও জড়িতদের গ্রেপ্তার দাবিতে সিলেট নগরীতে মানববন্ধন হয়েছে।

রোববার (২৭ ডিসেম্বর) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সচেতন নাগরিকদের এ মানববন্ধনে শতাধিক মানুষ অংশ নেন।

অ্যাডভোকেট প্রদীপ ভট্টাচার্যের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন হাওর ও পরিবেশ উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা, বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি জ্যোতিষ মজুমদার, মহানগর ছাত্রলীগ নেতা দীপক অধিকারী ও সুজন পুরকায়স্থ প্রমুখ। চলন্ত বাসে এমন ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান তারা।

শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট থেকে দিরাইয়ে যাওয়ার পথে দিরাই-মদনপুর সড়কের সুজানগরে চলন্ত বাসে ওই তরুণীকে ধর্ষণের চেষ্টা চালান বাসের চালক ও তার সহযোগী। বাসের জানালা লাফ দিয়ে পড়ে আত্মরক্ষা করলেও গুরুতর আহত হন তিনি। মাথা ও হাতে আঘাত পাওয়া দিরাইয়ের একটি কলেজের ওই শিক্ষার্থী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রোববার দুপুরে তাকে হাসপাতালের নারী ও শিশু সুরক্ষা কেন্দ্র ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) স্থানান্তর করা হয়। তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আরও পড়ুন  লাঠিটিলা সীমান্তের ওপারে ভারতের পাথারকন্দিতে বাংলাদেশী খুন

শনিবার রাতে ওই কলেজছাত্রীর বাবা দিরাই থানায় অজ্ঞাতপরিচয় তিনজনের বিরুদ্ধে দিরাই থানায় মামলা করেন। এ পর্যন্ত কেউ গ্রেপ্তার না হলেও জড়িতদের অল্প সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে আশ্বাস দিয়েছেন সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ