সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:৪৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০১৮
প্রভাতবেলা প্রতিবেদকঃ চলেই গেলেন রোজিনা। বাঁচানো গেল না তাকে। নিয়তির কাছে পরাজিত হতে হলো এই রাজধানীর বনানীতে বিআরটিসি বাসের চাপায় পা হারানো গৃহকর্মী রোজিনা আক্তার রোজীকেও (২০)। আজ রবিবার সকাল ৭টা ২০ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মার যান। মাত্র একদিন আগে গত বৃহস্পতিবার (২৬ এপ্রিল) রোজিনার উন্নত চিকিৎসার জন্য বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের অধ্যাপক ডা. মো. আবুল কালামকে প্রধান করে ৯ সদস্যের এই মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল। রোজিনার এভাবে চলে যাওয়ায় সড়ক দুর্ঘটনার মৃত্যুর মিছিলে আরো একটি নাম যোগ হলো।
উল্লেখ্য, গত ২০ এপ্রিল (শুক্রবার) রাত সাড়ে আটটার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ির সামনে বিআরটিসির (ঢাকা মেট্রো ব ১১-৫৭৩৩) একটি বাস রোজিনা আক্তারকে ধাক্কা দেয়। তিনি রাস্তায় পড়ে গেলে বাসটি তার ডান পায়ের ওপর দিয়ে চলে যায়। এতে তার পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তৎক্ষণাৎ তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ২৫ এপ্রিল ঢামেকের বার্ন ইউনিটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে রোজিনাকে আইসিইউতে নেওয়া হয়। কিন্তু শেষ রক্ষা আর হলো না। চলেই যেতে হলো রোজিনাকে। বনানীতে বিআরটিসি বাসের চাপায় পা হারানো গৃহকর্মী রোজিনা আক্তার গাজী টেলিভিশনের প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজার বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন।
এর আগে, গত ১৬ এপ্রিল সকালে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুই বাসের রেষারেষিতে ডান হাত হারানো সরকারি তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেন। গত ৩ এপ্রিল কারওয়ান বাজারে পান্থকুঞ্জ পার্কের সামনে বিআরটিসিরই আরেক বাসের সঙ্গে স্বজন পরিবহনের বাস টক্কর দিতে গেলে বাস দু’টির চিপায় পড়ে ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায় রাজীবের। তাৎক্ষণিক নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হলেও পরদিন ঢামেকে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পৃথিবীর মায়া ছেড়ে যান রাজীব।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি