সিলেট | |
প্রকাশিত: 10:06 PM, May 23, 2018
সুনামগঞ্জ সংবাদদাতাঃ সুনামগেঞ্জর ছাতক উপেজলার কাছিভাঙা সরকারী হাওর এলাকায় আগাম বন্যা ও নিষ্কাশন উন্নয়ন শীর্ষক প্রকল্প বাস্তবায়নের জন্য ছাতক উপজেলার ডেকার হাওর, নাইন্দার হাওর ও কাছিভাঙা হাওরের উন্নয়নে অর্থ বরাদ্দের অনুমোদন দেয় পানি উন্নয়ন বোর্ড। কিন্ত ছাতকে কাছিভাঙার হাওরের কোন অস্তিত্ব নেই। কাছিভাঙার হাওর দক্ষিন সুনামগঞ্জ এলাকায় থাকলেও সেটিকে ছাতক উপজেলাধীন দেখিয়ে প্রকল্পের টাকা লুটপাট করা হয়েছে বলে জানা গেছে।
সরকারী ‘হাওর এলাকায় আগাম বন্যা প্রতিরোধ ও উন্নয়ন প্রকল্পের’ অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। তালিকায় এই হাওরের নাম রয়েছে। পাশাপাশি দক্ষিন সুনামগঞ্জের পাশাপাশি ছাতক ও জগন্নাথপুরে অর্থ বরাদ্দ দেয়া হয়। তবে দক্ষিন সুনামগঞ্জ হাওর এলাকায় প্রকল্পের কাজ করলেও বাকী দুই উপজেলায় কোন কাজ হয়নি। বরাদ্দ্রে টাকা লুটপাট করা হয় বলে অনেকেই অভিযোগ করেন।
এসব হাওর এলাকায় আগাম বন্যা ও নিষ্কাশন উন্নয়নের জন্য চলতি বছরের ২২ জানুয়ারী রুপালী ব্যাংক সিলেট লালদিঘীরপাড় শাখা থেকে ছাতক উপজেলার কাছিভাঙা হাওরের বাঁধ নির্মাণের জন্য এডিপি তহবিল শিরোনামে বাংলাদেশ কৃষি ব্যাংক ছাতক শাখায় ১ লক্ষ ৪৪ হাজার টাকা ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তার হিসাবে জমা হয়। যার চলতি হিসাব নং ৬০৫। স্মারক নং ৪৭৯। এ ছাড়াও হাওরের উন্নয়ন প্রকল্প বাবদ কাছিভাঙা হাওরের নামে ২০১৭ সালের ৭ ডিসেম্বর রুপালী ব্যাংক লালদিঘীরপাড় শাখা থেকে বাংলাদেশ কৃষি ব্যাংক ছাতক শাখায় ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তার হিসাবে ২ লাখ ৮৭ হাজার ৫ শত টাকা জমা হয়। যার স্মারক নং ৩৮৮।
পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ কার্যালয় থেকে জানা যায়, কাছিভাঙা হাওর দক্ষিন সুনামগঞ্জের আওতায়। এ হাওরের কিছু অংশ জগন্নাথপুরে পড়েছে। তবে ছাতকে কাছিভাঙা হাওরের কোন অস্তিত্ব নেই। ছাতক উপজেলা ভুয়া হাওরের নাম দেখিয়ে এ অর্থ বরাদ্দ নিয়েছে। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর ছাতক উপজেলার এ হাওরের কোন কাজ দেখাতে পারেনি। এসময় পানি উন্নয়ন বোর্ডের কাছে ছাতকে কাছিভাঙা হাওরের কোন অস্থিত্ব নেই এ বিষয়টি ধরা পড়ে। পরে এ প্রকল্পের টাকা ফেরত দিতে বলা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড আঞ্চলিক হিসাব কেন্দ্র থেকে জানা যায়, আঞ্চলিক অফিস থেকে অর্থ স্থানান্তরের বিষয়টি নির্ভর করে জেলা পানি উন্নয়ন বোর্ডের উপর । তারা যে হাওরের নামে যতটুকু বরাদ্দ দিয়ে থাকেন আঞ্চলিক অফিস তাদের হিসাবে টাকা স্থানান্তর করে থাকে। কাছিভাঙা হাওরের নামে অর্থ স্থানান্তরের বিষয়ে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করতে বলেন।
এ ব্যাপারে ছাতক হাওর রক্ষা বাঁধ মনিটরিং কমিটির সচিব ও পাউবোর উপ-সহকারী প্রকৌশলী শাহাদাত হোসেন জানান, ছাতক উপজেলায় কাছিভাঙা হাওর নেই। এটি দক্ষিন সুনামগঞ্জ উপজেলায় পড়েছে। এ প্রকল্পের বরাদ্দকৃত টাকা ফেরত দেয়া হবে।
পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী জানান, কাছিভাঙা হাওরের উন্নয়নের নামে ছাতক উপজেলায় অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। কিন্ত ছাতক উপজেলা এ প্রকল্পের কাজ সম্পন্ন করতে পারেনি। তিনি আরো বলেন, এ হাওরের অবস্থান তিন উপজেলায় পড়েছে। তাই বরাদ্দ দেয়া হয়েছিল। কাছিভাঙা হাওরের কোন অস্তিত্ব ছাতক উপজেলায় আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আংশিক রয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি