জিন্দাবাজারে কুপিয়ে যুবক খুন

প্রকাশিত: ১২:২৭ পূর্বাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৬

রীমা বেগম পপি :

সিলেট নগরীর জিন্দাবাজারে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে এক যুবককে হত্যা করা হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মেজবাহ উদ্দিন (২০)। সে ৫৪ শ্রাবনী মজুমদারি কোনাপাড়ার জার্মান প্রবাসী রহমত উল্লাহর ছেলে। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের জেলার দোয়ারাবাজার থানার চন্ডিপুলে। সে সিলেট কমার্স কলেজের শিক্ষার্থী।

 

পুলিশ সূত্রে জানা গেছে, জিন্দাবাজার কাস্টমস কার্যালয়ের সামনে ফুটপাতের উপর মেজবাহ উদ্দিনের উপর অতর্কিতে হামলা চালায় একদল দুর্বৃত্ত। ধারালো অস্ত্র দিয়ে তার গলার বাম পাশে আঘাত করলে গুরুতরভাবে আহত হন মেজবাহ। পরে প্রত্যক্ষদর্শীরা তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ প্রভাতবেলাকে জানান, প্রকাশ্যেই মেজবাহ উদ্দিনকে দুর্বৃত্তরা হত্যা করেছে। ঘটনার পেছনের কারণ জানা যায়নি। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ