সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২১
প্রভাতবেলা ডেস্ক:
বাংলাদেশে করোনাভাইরাসের টিকা উৎপাদনে রাশিয়া ও চীনকে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, কোন কোম্পানি এই ভ্যাকসিন উৎপাদন করবে সেটা এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি।
বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহিদা আক্তার।
তিনি বলেন, রাশিয়ার স্পুটনিক ভি এবং চীনের সিনোফার্মের ভ্যাকসিন দেশের প্রতিষ্ঠানে উৎপাদনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
তিনি আরো বলেন, দেশের কয়েকটি প্রতিষ্ঠানের এই দুইটি ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা রয়েছে। তবে কোন কোন প্রতিষ্ঠানের এই সক্ষমতা রয়েছে সে বিষয়ে কিছু বলেননি তিনি।
এর আগে, গতকাল মঙ্গলবার দেশে রাশিয়ার টিকা স্পুটনিক ভি এর জরুরি ব্যবহারের অনুমোদন দেয়া হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত জরুরি জনস্বাস্থ্য ক্ষেত্রের ওষুধ, পরীক্ষামূলক ওষুধ, টিকা ও মেডিকেল সরঞ্জামবিষয়ক কমিটি এই অনুমোদন দেয়।
ওষুধ প্রশাসন অধিদফতরের এক সভায় টিকা অনুমোদনের সিদ্ধান্ত নেয়া হয়। এর ফলে রাশিয়ার করোনা টিকা আমদানি ও ব্যবহারে আইনগত বাধা থাকলো না। এখন কিনতে চাইলে রাশিয়া বাংলাদেশকে আগামী মাস থেকেই টিকা দিতে পারবে বলে সরকারি নথিপত্রে উল্লেখ করা হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি