নৌকার বিপক্ষে গেলে নিশ্চিহ্ন করার হুমকি!

প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৩

নৌকার বিপক্ষে গেলে নিশ্চিহ্ন করার হুমকি!
প্রভাতবেলা ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিপক্ষে কেউ স্বতন্ত্র প্রার্থী হলে তাকে নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছেন রুবেল বালি নামে এক সৈনিক লীগ নেতা।

 

বৃহস্পতিবার রাতে নাটোর-৪ আসনের সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারীর নিজ গ্রাম ভবানীপুরে নির্বাচনি প্রস্তুতিসভা থেকে এই হুমকি দেন তিনি।

 

হুমকির এই ভিডিওটি মুহূর্তেই ফেসবুকে ছড়িয়ে পড়ে। নাটোর-৪ আসনের বর্তমান সংসদ সদস্য নৌকার প্রার্থী সিদ্দিকুর রহমান পাটোয়ারীর সঙ্গে নির্বাচনি মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রয়াত সংসদ সদস্যের ছেলে নাটোর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন।

 

হুমকিদাতা রুবেল বালি সংসদ সদস্য সিদ্দিকুর রহমানের সমর্থক এবং বড়াইগ্রাম উপজেলা সৈনিক লীগের সভাপতি। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে ঢুকে মারধরের ঘটনায় শুক্রবার তার বিরুদ্ধে মামলা হয়েছে।

 

ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে স্বতন্ত্র প্রার্থী শোভনের নাম নিয়ে রুবেল বালিকে বলতে শোনা যায়, ‘যে ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী শোভনের পক্ষে প্রচারণা করবে, এজেন্ট হবে এবং সে এলাকায় বাস করতে পারবে না। তার কোনো অস্তিত্ব রাখা হবে না। শোভন নৌকার পক্ষে কাজ করার অঙ্গীকার ভঙ্গ করে নিজেই স্বতন্ত্র প্রার্থী হয়েছে। ডামি প্রার্থীর বদলে বিদ্রোহী হয়েছেন। শোভনরা নৌকা ডুবানোর ষড়যন্ত্র করছেন।’

 

আরও পড়ুন  এক এমপি’র করোনা পজিটিভ: ভবন লকডাউন

ভিডিওতে তিনি আরও বলেন, ‘নৌকার বিপক্ষে কেউ স্বতন্ত্র প্রার্থী হলে, তাকে নিশ্চিহ্ন করা হবে। যারা নৌকা বিরোধীদের পক্ষ নেবে, তাদেরও এলাকাছাড়া করা হবে।’

 

খোঁজ নিয়ে জানা গেছে, সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারীর ভাগ্নে জহির উদ্দিন ও রুবেল বালির নেতৃত্বে ৩০-৩৫ জন যুবক বড়াইগ্রামের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে ঢুকে দরজা আটকে মারধর করেন। একপর্যায়ে শিক্ষা কর্মকর্তার ডান হাত ধরে রুবেল বালি বলেন ‘এমপির হুকুম, তোর হাতটা কেটে তাকে দিতে হবে’। এ ঘটনায় মামলা হলেও রুবেল বালিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

 

রুবেল বালির মোবাইল নম্বরে একাধিকবার কল দিয়েও তার বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে স্বতন্ত্র প্রার্থী শোভন বলেন, বর্তমান সংসদ সদস্যের কর্মী-সমর্থকরা উগ্রবাদী আচরণ করছেন। এতে করে সুষ্ঠু ভোট হওয়া নিয়ে তিনি শঙ্কিত। রুবেল বালির হুমকির বিষয়ে তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দেবেন।

আরও পড়ুন  চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা

 

বড়াইগ্রাম থানার ওসি শফিউল আযম জানান, শিক্ষা কর্মকর্তাকে মারধরের ঘটনায় করা মামলায় রুবেল বালিকে আসামি করা হয়েছে। রুবেল বালি গা ঢাকা দেওয়ায় তাকে গ্রেফতার করা যায়নি। তবে আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

 

স্বতন্ত্র প্রার্থীকে হুমকি এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে মারধরের বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান বলেন, রুবেল বালিকে তিনি চিনেন না। শিক্ষা কর্মকর্তাকে যারা লাঞ্ছিত করেছেন তাদেরও তিনি চিনেন না। এসব অপরাধীকে গ্রেফতারে পুলিশকে অনুরোধ করা হয়েছে। মূলত একটি মহল রাজনৈতিকভাবে তাকে পরাস্ত করতেই তার নাম ভাঙিয়ে নানা ষড়যন্ত্র করছে।

 

বনপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র কেএম জাকির হোসেন বলেন, সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী প্রবীণ আওয়ামী লীগ নন বরং অনুপ্রবেশকারী। এমপির আপন ভাগ্নে জহির ও সমর্থক রুবেল বালি এমপির ক্ষমতায় নানা ধরনের অপকর্ম করছেন। এসব কর্মকাণ্ডের ফলে নাটোর-৪ আসনে নৌকার পরাজয় আসতে পারে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ