বানিয়াচংয়ে স্কুলছাত্রীর বাল্যবিয়ের তোড়জোড়!

প্রকাশিত: 12:17 PM, September 6, 2020

বানিয়াচংয়ে স্কুলছাত্রীর বাল্যবিয়ের তোড়জোড়!

প্রতিনিধি, বানিয়াচং:

বানিয়াচংয়ে নবম শ্রেণির অপ্রাপ্ত বয়স্ক এক স্কুলছাত্রীর বিয়ের জন্য তোড়জোড় চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও ঘরোয়া পরিবেশে আজ ৫ সেপ্টেম্বর শনিবার গায়ে হলুদ করারও খবর পাওয়া গেছে। রোববার ওই স্কুলছাত্রীর বিয়ের বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইছে।

জানা যায়, বানিয়াচং উপজেলার ৬নং কাগাপাশা ইউনিয়নের চমকপুর গ্রামের হানিফ মিয়ার নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ের সাথে একই ইউনিয়নের বাগাহাতা গ্রামের এক যুবকের বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়েছে। ধার্য্যকৃত বিয়ের দিন ৬ সেপ্টেম্বর রোববার।

তবে তার আগে বাল্য বিয়ে বন্ধ, শিশুশ্রম ও শিশু নির্যাতন বন্ধে সামাজিক সচেতনতামূলক কাজ করে এমন একটি সংগঠন ইয়ং চ্যাম্পিয়ন টোট কোর্সের পক্ষে হামজা মিয়া নামের জনৈক ব্যক্তি বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি অভিযোগ দিয়েছেন। দেশ থেকে বাল্য বিয়ে বন্ধে তিনি এ অভিযোগ দিয়েছেন বলে জানান হামজা মিয়া।

বিষয়টি নিয়ে কাগাপাশা একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান চোকদার জানান, যার বিয়ের আয়োজন করা হচ্ছে সে মেয়ে আমার স্কুলের নবম শ্রেণির ছাত্রী। অভিভাবকদের অসচেতনতার কারণে এরকম বাল্য বিয়ে মেনে নেয়া ঠিক হচ্ছে না।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন, ‘অভিযোগের বিষয়ে অবগত আছি। অভিযোগের বিষয়টি দেখার জন্য আমি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে বলে দিয়েছি।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ