মায়ের কোলে ঘুমন্ত শিশুকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ৯:৪০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১, ২০২৪

মায়ের কোলে ঘুমন্ত শিশুকে পিটিয়ে হত্যা
প্রভাতবেলা ডেস্ক: কলমাকান্দায় জমি নিয়ে বিরোধে জুনাইদ মিয়া নামে আড়াই বছর বয়সী শিশু খুন হয়েছে। রোববার বিকেলে খারনৈ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত শিশুটি আব্দুল মালেক ও মোমেনা আক্তার দম্পতির কনিষ্ঠ সন্তান।

 

স্থানীয়দের তথ্যমতে, লক্ষ্মীপুর গ্রামের আব্দুল মালেক ও প্রতিবেশী হাতেম আলীর মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে কয়েকটি মামলা চলমান। রোববার বিকেলে বাড়িতে মা মোমেনা আক্তারের কোলে ঘুমাচ্ছিল শিশু জুনাইদ। এ সময় ৬-৭ জন মিলে বাড়িতে হামলা চালায়। এতে মোমেনা আক্তার মাথায় আঘাত পান। তার কোলে থাকা শিশু জুনাইদের মাথায়ও আঘাত লাগলে খিঁচুনি দিয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

 

নিহত জুনাইদের বাবা আব্দুল মালেক বলেন, ‘ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। দাওয়াত খেতে গিয়েছিলাম। প্রতিবেশী হাতেম আলীর সঙ্গে আমার জমি নিয়ে বিরোধ চলছে। আদালতে কয়েকটি মামলাও চলমান। এর মধ্যে গত ১৪ ডিসেম্বর একটি মামলার আদেশ আমার পক্ষে আসে। এর জের ধরেই হাতেম আলীর লোকজন হামলা চালিয়ে আমার স্ত্রী মোমেনা ও শিশু সন্তান জুনাইদকে মারধর করে। জুনাইদ ঘটনাস্থলেই মারা গেছে। স্ত্রী মোমেনা আহত হয়েছে। থানায় হত্যা মামলা করব।’

আরও পড়ুন  বগুড়ায় ব্যাংকের সিন্দুক কেটে ২৯ লাখ টাকা লুট

 

ঘটনার পর গা ঢাকা দিয়েছে অভিযুক্তরা। যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে স্থানীয় ইউপি সদস্য মো. নূরুজ্জামান বলেন, ‘একই গ্রামের মালেক ও হাতেম আলীর মধ্যে জমি বিরোধ চলছে। কয়েকবার সালিশ-দরবার করেছি, কিন্তু সমাধান হয়নি। পরে আইনের আশ্রয় নিয়েছেন তারা। মালেকের ছেলে জুনাইদ তার মায়ের কোলে থাকা অবস্থায় পিটিয়ে হত্যা করা হয়েছে বলে আমাকে ফোন করে জানিয়েছেন স্থানীয়রা।’

 

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, লাশটি সোমবার (আজ) ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। শিশুটি কীভাবে মারা গেছে, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ