সিরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ৫

প্রকাশিত: 1:16 PM, January 31, 2021

সিরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ৫

বিশ্বভূবন ডেস্ক:

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আফরিনে এক বোমা হামলায় অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ২২ জন। শনিবার (৩০ জানুয়ারি) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতির মাধ্যমে তথ্যটি জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, শহরের কেন্দ্রে অবস্থিত এক কারখানায় গাড়িবোমা হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। অন্য দিকে স্থানীয় সূত্রের বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, হামলায় ছয়জন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন।

তাৎক্ষণিকভাবে কেউ বা কোনো সংগঠন ভয়াবহ এই দায় স্বীকার না করলেও তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার ঘটনায় সিরিয়ার কুর্দি সশস্ত্র পিপলস প্রটেকশন ইউনিটের (ওয়াইপিজি) যোদ্ধাদেরই দায়ী করছে।

তুরস্কে নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সংশ্লিষ্টতা বিবেচনায় আঙ্কারা ওয়াইপিজিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। সিরিয়ার সরকারবিরোধী যোদ্ধাদের সাথে আইএসের পাশাপাশি ওয়াইপিজের বিরুদ্ধেও যুদ্ধে করে আসছে তুর্কি সেনাবাহিনী।

২০১৮ সালে তুরস্কের এক সামরিক অভিযানের আওতায় আফরিন থেকে ওয়াইপিজে যোদ্ধাদের তাড়িয়ে দেওয়া হয়। কিন্তু এই শহর ও কাছাকাছি এলাকায় এখনো বোমা হামলার ঘটনা ঘটছে।

আরও পড়ুন  ইসরাইলজুড়ে নেতানিয়াহুর পদত্যাগ দাবি

সিরিয়ায় বিদ্রোহীদের নিয়ন্ত্রিত একমাত্র অঞ্চলটিতে সহায়তার জন্য আঙ্কারার কয়েক হাজার সৈন্য মোতায়েন রয়েছে। সিরিয়ার আসাদ সরকারের বিরোধীদের নিয়ন্ত্রণে থাকা এই অঞ্চলটি তুরস্ক থেকেই সহায়তা পেয়ে আসছে।

উল্লেখ্য, তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করা পিকেকে ১৯৮৪ সালে ‘স্বাধীন কুর্দিস্তানের’ দাবিতে তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। দক্ষিণ-পূর্ব তুরস্কে চলা এই যুদ্ধে ৪০ হাজারের বেশি লোক নিহত হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ