সিলেটে ঝুপ করে পড়েছে শীত

প্রকাশিত: ১২:৫০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৭

রেজাউল হক ডালিম: ছয় ঋতুর এ দেশে বাংলা বছর অনুযায়ী অগ্রহায়ণ মাস থেকেই শীতের যৌবন হাওয়া বইতে থাকে সাধারণত। আর শীত ঝাঁকিয়ে বসে পৌষ মাসে। কিন্তু এ বছর মাঘ-পৌষ পেরিয়ে গেলেও ৫ দিন আগ পর্যন্তও শীতের জোর নেই বললেই সারে। তবে গত ৫ দিন ধরে ঝুপ করে তীব্র শীত পড়েছে।

দৈনিক প্রভাতবেলা’র প্রতিবেদক ও প্রতিনিধিরা জানিয়েছেন, সিলেটসহ সারাদেশে গত ৪-৫ দিন থেকে তীব্র শীত ঝেঁকে বসেছে। হাড়কাঁপানো শীতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। শীতজনিত নানা অসুখ বিসুখ এখনো তেমনভাবে ছড়িয়ে না পড়লেও অচিরেই দেখা দিতে পারে নানা উপসর্গ- এমন মন্তব্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের।
এদিকে, কুয়াশার পরিমাণ কম থাকলেও কনকনে হিমেল হায়া বইছে সিলেট-রাজধানীসহ গোটা দেশেই। বিশেষ করে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে তীব্র শীত পড়েছে। একেবারেই বেশি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। শীতবস্ত্রের অভাবে চরম দুর্ভোগে পড়েছেন দুস্থ ও ছিন্নমূলরা।
অন্যদিকে সিলেটের এ প্রতিবেদক জানিয়েছেন, শীতের তীব্রতা বাড়ায় হিড়িক পড়েছে গরম কাপড় কেনার। শীত নিবারণের জন্য মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা ভিড় করছেন সিলেট নগরীর ফুটপাতের দোকানগুলোতে। ১৪ জানুয়ারি শনিবার বিকালে নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার, কোর্ট পয়েন্ট, চৌহাট্টাসহ নগরীর বিভিন্ন এলাকায় শত শত মানুষকে শীতের কাপড় কিনতে দেখা গেছে। গ্রামগঞ্জেও আগুন জ্বালিয়ে শীত থেকে বাঁচার চেষ্টা করছে মানুষ।
আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকালের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী, রাজশাহী, মাদারীপুরসহ দেশের বিভিন্নস্থানে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এছাড়া সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতে তাপমাত্রা দুই/এক ডিগ্রি কমতে পারে।
এদিকে, সিেেলটে শনিবার এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সিলেট আবহাওয়ার অফিসের প্রধান আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, সিলেটে শনিবারের তাপমাত্রা ছিল ১০.৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল-২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৯টায় ৭৬, দুপুর ১২টায় ৪৫ এবং বেলা ৩টায় ৪২ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন অর্থাৎ শুক্রবার সিলেটের তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস বলে জানান সাঈদ।

সর্বশেষ সংবাদ