সিলেট ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
গত মার্চে নতুন চাকরির ভিসায় সৌদি আরবে যাওয়ার কথা ছিল প্রায় ২৫ হাজার বাংলাদেশি কর্মীর। কিন্তু করোনা সংকটে সেখানে যেতে পারেননি তারা। এখন তাদের যেতে হলে ভিসা নবায়ন (রিনিউ) করতে হবে।
পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এসব কথা বলেন ।
সৌদি ভিসা বা আকামা নিয়ে এক ধরনের ধোঁয়াশা চলছে প্রবাসী কর্মীদের মধ্যে। তাদের অনেকে হতাশ হয়ে পড়েছেন সৌদি আরব যেতে পারবেন কি না। নানা মাধ্যমে প্রচার হয়েছে যে ভিসা বাতিল হয়ে গেছে।
পররাষ্ট্রমন্ত্রী বলছেন, কোনো ভিসাই বাতিল হয়নি। তিনি বলেন, ‘যারা কখনো সৌদি আরবে আগে চাকরি করতে যায়নি, এমন ২৫ হাজার নতুন ভিসা ইস্যু হয়েছিল। তাদের ২৩ মার্চের মধ্যে সৌদি আরব যাওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে তারা যেতে পারেনি। এখন তারা যেতে পারবেন। এ জন্য তাদের ভিসা রিনিউ (নবায়ন) করতে হবে।’
ভিসা বাতিল হওয়ার প্রচার সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী এর উৎস নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘কথা হচ্ছে, করোনার কারণে তারা যেতে না পারায় ভিসা অটোমেটিক রিনিউ হবে না। তাদের এটা রিনিউ করে সেখানে যেতে হবে। যারা নতুন চাকরি নিয়েছে, তারা প্রত্যেকে যেতে পারবে।’
মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ সৌদি আরবে ২০ লাখের বেশি বাংলাদেশি বিভিন্ন পেশায় কাজ করেন। করোনাভাইরাস পরিস্থিতিতে দেশটি থেকে গত ছয় মাসে ৩৯ হাজার ১৮৮ জন কর্মী ফেরত এসেছেন। তাদের মধ্যে ৫ হাজার ৭৭৬ জন নারী কর্মী রয়েছেন। তবে দেশটির সঙ্গে সম্প্রতি ফ্লাইট চালুর পর প্রায় ছয় হাজার প্রবাসী সেখানে কাজে যোগ দিতে গেছেন বলে সরকারের ভাষ্য।
সৌদি থেকে দেশে বেড়াতে আসা প্রবাসী কর্মীদের মধ্যে যাদের আকামা ও ভিসা রয়েছে, তারা সেখানে নিশ্চিন্তে যাচ্ছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
কফিল (সৌদি আরবে নিয়োগকর্তা) ক্লিয়ারেন্স না পাওয়ায় ৫৩ কর্মীর সৌদি যাওয়ার সমস্যা কথা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ‘যারা ওখানে চাকরি করতেন কিন্তু নতুন করে ওয়ার্ক পারমিট না বাড়ানোয় ৫৩ জনকে তাদের কফিল সেখানে যেতে অনুমতি দেননি। তাদের কফিলের কাছ থেকে চাকরির মেয়াদ বাড়াতে হবে, অনুমতি নিতে হবে। সেটা করতে না পারলে তাদের নতুন চাকরি নিতে হবে।’

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি