সিলেট | |
প্রকাশিত: 5:29 PM, August 21, 2016
প্রভাতবেলা ডেস্ক: পরপর ৪ দিনে সিলেটে ৪ খুন। অকালে ঝরে গেল তাজা চারটা প্রাণ। তারমধ্যে সর্বশেষ লাশ উদ্ধার হয় এমসি কলেজ ছাত্রাবাস পুকুর থেকে আজ রোববার সকালে মাদরাসা ছাত্র তরিকুলের লাশ। তার আগে শনিবার রাত ১১ টার দিকে খুন হন সিলেট স্বেচ্ছাসেবক দল নেতা তাজুল ইসলাম। পূর্ব শত্রুতার জেরেই তাকে খুন করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। আর বাকি দু’টি খুনের ঘটনা ঘটেছে সামান্য কারণে।
এ তিন খুনের মামলায় উল্লেখযুগ্য আসামী এখন পর্যন্ত গ্রেফতার হয়নি। পুলিশ বলছে তারা আসামীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে। এর মধ্যে তাজুল খুনের ঘটনায় আটককৃতরা হলেন খুলিয়াটুলার বাসিন্দা মখরম আলীর ছেলে গুলজার আহমদ (৫২), দুলাল আহমদ (৪০), সুলেমান আহদম (২৩), সৈয়দ আফতাব আলীর ছেলে সৈয়দ আজিজ (৪০) ও খুনের ঘটনায় জড়িত সবুজের মা। শনিবার দিবাগত রাত অভিযানে পুলিশ তাদের আটক করে। এরা তাজুলের ছেলে রায়হান হত্যায়ও অভিযুক্ত। আর সিলেট দক্ষিণ সুরমার লালাবাজারে ফার্মেসী ব্যবসায়ী আজির মিয়া খুনের মামলায় মিলন আহমদকে আটক করে।
ঘটনাস্থল কুয়ারপাড়: কুয়ারপাড়ে সন্ত্রাসীদের হামলায় সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর শাহানা বেগম শানুর স্বামী ও মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা তাজুল ইসলাম খুন হন। শনিবার দিবাগত রাত ১১টার দিকে হাসপাতালের অপারেশন থিয়েটারেই তার মৃত্যু হয়।
এর আগে রাত ১০ টায় বাসায় ফেরার পথে মোটরসাইকেল আরোহী তিন যুবক তাকে কুপিয়ে গুরতর আহত অবস্থায় রাস্তায় ফেলে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান- শনিবার রাত ১০টার দিকে বাসায় ফিরার পথে কুয়ারপাড় গরম দেওয়ান মাজারের সামনে মোটর সাইকেল (সিলেট এ-৬৮৮৭) আরোহী তিন যুবক তাজুলকে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে যায়।
আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ১১টার দিকে অপারেশন থিয়েটারেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তাজুল। তাজুলের ছেলে রায়হান ইসলামকেও সন্ত্রাসীরা কুপিয়ে খুন করেছিল।
ঘটনাস্থল লালাবাজার ব্রিজ: দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে সন্ত্রাসী হামলায় মো. আজির মিয়া (৪৫) নামের এক ফার্মেসী ব্যবসায়ীর মৃত্যু হয়। শুক্রবার রাত সাড়ে দশটার দিকে লালাবাজার ব্রিজে বাড়ি ফিরার পথে হামলার শিকার হন তিনি। আজির মিয়া বিশ্বনাথ উপজেলার টেংরা গ্রামের মৃত মোফাচ্ছর আলীর ছেলে।
এ ঘটনার প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। প্রায় তিন ঘন্টা অবরোধ চলার পর রাত পৌণে ২টার দিকে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন ব্যবসায়ীরা। মামলার আসামীদের দ্রুত গ্রেফারের দাবীতে ফের রোববার বেলা ১২টায় স্থানীয়রা মহসড়ক অবরোধ করে।
এদিকে তাকে শনিবার বাদ আসর গ্রামের বাড়িতে জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
স্থানীয়রা জানান, আজির উদ্দিনের ফার্মেসীর ডা. নাদির হোসেন চৌধুরীর কারের সাথে গত বুধবার রাতে স্থানীয় ভরাউটা গ্রামের আল ইছলাহ নেতা আজাদের প্রাইভেট কারের ধাক্কা লাগে। এ নিয়ে আজির উদ্দিনের সাথে আজাদের বাকবিতন্ডা হয়। রোববার বিষয়টি সমাধানের দিনক্ষণ নির্ধারিত ছিল।
শুক্রবার বাড়ী ফিরার পথে লালাবাজার সেতুতে হামলা করা হয় আজিরকে। স্থানীয় ব্যবসায়ীরা ঘটনাস্থলে গিয়ে আজির উদ্দিনকে উদ্ধার করলেও এর আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
ঘটনাস্থল জিন্দাবাজার: নগরীর জিন্দাবাজারে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত ব্যবহায়ী মামুন আহমদের (২২) মৃত্যু হয় মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে। চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন তার ভাই ঈশান আহমদ।
মামুন আহমদ জিন্দাবাজারের এ্যালিগেন্ট শপিং সিটির মোবাইল ফোন ব্যবসায়ী। মঙ্গলবার বেলা ২টার দিকে মোটরসাইকেল পার্কিং নিয়ে বাকবিতন্ডার জেরে মামুন ছুরিকাঘাতের শিকার হন। জেলা ছাত্রলীগের স্থগিত কমিটির সহ-সভাপতি সুলেমান চৌধুরীর নেতৃত্বে কয়েকজন যুবক তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
গুরুতর আহতাবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
ঘটনাস্থল এমসি কলেজ: সিলেট এমসি কলেজের ছাত্রাবাসের পুকুর থেকে তরিকুল ইসলাম (১৬) নামের এক মাদরাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
তরিকুল বালুচর টিভি গেইটের মোহাম্মদীয়া ইসলামিয়া দাখিল মাদরাসার ৮ম শ্রেণীর ছাত্র ও নগরীর খরাদিপাড়া বৈশাখী ৯৩ নং বাসার ফজলু মিয়ার ছেলে।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে কলেজের ছাত্রাবাসের পুকুর থেকে শাহপরাণ থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।
জানা যায়, গতকাল শনিবার দুপুর ১২টার দিকে কয়েকজন বন্ধুর সাথে এমসি কলেজ ছাত্রাবাসের পুকুরে সাঁতার কাটতে গিয়ে পুকুরের পানিতে তলিয়ে যায় তরিকুল।
রোববার সকালে তার লাশ পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানান। পরে শাহপরাণ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি