সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হচ্ছে বুধবার

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০১৭

প্রভাতবেলা রিপোর্টার: আজ বুধবার থেকে ওসমানী বিমানবন্দর থেকে চালু হচ্ছে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট। ওইদিন বিকেলে ওসমানী বিমানবন্দর থেকে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট দুবাইয়ের উদ্দেশে রওয়ানা হবে। দুপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ওই ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

এর ফলে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ১৮ বছরের প্রতীক্ষার অবসান হচ্ছে সিলেটের যাত্রীদের। আন্তর্জাতিক ঘোষণার প্রায় ১৮ বছর পর এই বিমানবন্দর থেকে বিদেশি কোনো উড়োজাহাজের সরাসরি ফ্লাইট চালু হচ্ছে। এর আগে আরেক দফা ফ্লাই দুবাইয়ের আন্তর্জাতিক ফ্লাইট চালু হলেও একদিন পরই তা বন্ধ হয়ে যায়।

১৯৯৮ সালের ২০ ডিসেম্বর ওসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উন্নীত করা হয়। ওসমানী বিমানবন্দরের কর্মকর্তারা জানান, কেবল ফ্লাই দুবাই নয়, এয়ার এরাবিয়া, জেট এয়ারসহ কয়েকটি বিদেশি কোম্পানি সিলেট থেকে সরাসরি ফ্লাইট চালুর প্রক্রিয়া চালাচ্ছে।

ওসমানী থেকে বাংলাদেশ বিমানের সিলেট থেকে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে সরাসরি ফ্লাইট চালু হলেও ২০১৪ সালে কুয়াশার অজুহাত দেখিয়ে বিমানও সরাসরি ফ্লাইট বন্ধ করে দেয়।

আরও পড়ুন  নবনির্বাচিত নেতৃবৃন্দকে আলী আহমদের অভিনন্দন

প্রবাসীদের দাবির মুখে ২০১৫ সালে প্রায় ৯১ কোটি টাকা ব্যয়ে ওসমানী বিমানবন্দরে স্থাপিত হয় রিফুয়েলিং স্টেশন। গত বছর থেকে এই রিফুয়েলিং স্টেশন চালু হয়। কিন্তু আন্তর্জাতিক ফ্লাইট না থাকায় এই স্টেশনের জ্বালানি বিক্রি হচ্ছে না। ফলে চালুর পর থেকেই লোকসানে আছে ওসমানীর রিফুয়েলিং স্টেশন।
এমএআ

সর্বশেষ সংবাদ