টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ফিরে পেয়েছেন সালমা খাতুন

প্রকাশিত: 6:01 PM, April 24, 2018

টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ফিরে পেয়েছেন সালমা খাতুন

মাঠে ময়দানে প্রতিবেদকঃ বাংলাদেশ নারী ক্রিকেট দলের নেতৃত্ব ফিরে পেয়েছেন সালমা খাতুন। অভিজ্ঞ এই নারী ক্রিকেটারকে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের টি-টোয়েন্টি দলের অধিনায়ক নির্বাচিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ আগামী ২৮ তারিখে দক্ষিণ আফ্রিকা সফরে রওনা হবে।

সালমা খাতুনের নেতৃত্বে বাংলাদেশ নারী দল সাফল্যের গাঁথা অনেক। দলকে সামনে থেকে দক্ষ হাতে সামাল দেবার অসাধারণ গুণাবলী রয়েছে খুলনায় জন্ম গ্রহণকারী এই অল-রাউন্ডারের। ২০০৭ সাল হতে টানা ২০১৬ পর্যন্ত জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন সালমা। জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে তার রয়েছে হৃদ্যতা। মাঠে সালমা অনেক বেশী কৌশলী ভূমিকা রাখার ক্ষমতা রাখেন। বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের আদর্শ সালমা খাতুন।

২০১০ সালে চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে নারী ক্রিকেটে বাংলাদেশ রৌপ্য পদক লাভ করে সালমা খাতুনের অধিনায়কত্বে। বাংলাদেশ ঘরের মাটিতে ২০১১ সালের নভেম্বরে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার ছাড়পত্র পায় বিশ্বকাপ বাছাই পর্ব টুর্নামেন্টে। একই আসরে সাভারে অনুষ্ঠিত আয়ারল্যান্ডের বিপক্ষে একদিনের ক্রিকেটে অভিষেক হয় এই ডানহাতি ব্যাটসম্যানের। ২০১২ সালে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের অধিনায়ক ছিলেন সালমা খাতুন। সালমার নেতৃত্বে বাংলাদেশ দল ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৭ উইকেটে জয় লাভ করে। মিরপুর শেরেই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বৃষ্টিবিঘ্নতি ম্যাচে সালমা বলে ব্যাটে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন। ম্যাচে সালমার বিশাল ছক্কার কথা এখনও দর্শকদের মনে গেঁথে আছে।

আরও পড়ুন  আইপিএলে পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন মুম্বাই

নারী ক্রিকেটাঙ্গনে সালমা খাতুন একজন রোল মডেল। এছাড়া ঢাকার ঘরোয়া ক্রিকেট লীগে মোহামেডান ক্লাবকে টানা চারবার চ্যাম্পিয়ন করানোর রেকর্ডের পাশাপাশি রয়েছে জাতীয় লীগে খুলনা বিভাগকে অন্যন্য উচ্চতায় নিয়ে যাবার রেকর্ড। সাবেক এই  অল-রাউন্ডার ২০১৬ সালে ইনজুরীতে আক্রান্ত হয়ে, দল থেকে বাদ পড়েন। ভারতে অনুষ্ঠিত ২০১৭ সালে বিশ্বকাপ টি-টোয়েন্টি’র আগে অধিনায়কত্ব হারান সালমা। তার স্থলাভিষিক্ত করা হয় জাহানারা আলমকে।

সালমা জাতীয় দলের হয়ে ১৬টি একদিনের ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে করেছেন ২৪৫ রান। সরবোচ্চ ইনিংস ৭৫ রানের ভারতের বিপক্ষে। উইকেট পেয়েছেন ১৬টি। সেরা বোলিং ৩/৩৪।

সালমা খাতুন টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ফিরে পাওয়া নারী ক্রিকেটাররা আনন্দ প্রকাশ করেছেন। তাদের কথা, সালমা যোগ্য। মাঠে সবার উপরে সালমা। খারাপ সময় কাটিয়ে আবার স্ব-মহিমায় ফিরবেন সালমা এটাই সকলের প্রত্যাশা।

সর্বশেষ সংবাদ