যেভাবে উদ্ধার হলেন চিত্রসাংবাদিক কাজল

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, মে ৩, ২০২০

যেভাবে উদ্ধার হলেন চিত্রসাংবাদিক কাজল

 

প্রভাতবেলা ডেস্ক:

রাজধানী থেকে নিখোঁজ চিত্র সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে বেনাপোল সীমান্তের সাদিপুরের একটি মাঠের মধ্য থেকে উদ্ধার করেছে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের টহল দল।

 

উদ্ধারের পর শনিবার (২ মে) অবৈধ অনুপ্রবেশের অভিযোগে চিত্রসাংবাদিক কাজলকে মামলা দিয়ে গভীর রাতে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে বিজিবি।

 

রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার হাবিলদার আশেক আলী চিত্রসাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি বলেন, ‘শনিবার মধ্য রাতে বিজিবি‘র টহল দলের সদস্যরা সাদিপুর সীমান্তের একটি মাঠের মধ্য থেকে উদ্ধার করে। অবৈধভাবে ভারত থেকে আসার সময় তাকে আটক দেখানো হয়। রাতে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।’

 

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বিষয়টি নিশ্চিত করে জানান, রাত সাড়ে ৩টার দিকে চিত্রসাংবাদিক শফিকুল কাজলকে সীমান্ত দিয়ে অবৈধ পারাপারের অভিযোগে বিজিবি একটি মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছে তাকে যশোরের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

আরও পড়ুন  সম্প্রচারে আসছে ইন্টারএশিয়া টেলিভিশন

 

চিত্রসাংবাদিক শফিকুল ইসলাম কাজল গত ১০ মার্চ সন্ধ্যায় পক্ষকাল অফিস থেকে বের হন। এরপর থেকে তার কোনও সন্ধান পাওয়া যাচ্ছিল না। তার কোনও সন্ধান না পেয়ে পরদিন ১১ মার্চ চকবাজার থানায় সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী জুলিয়া ফেরদৌসি নয়ন। পরে ১৮ মার্চ রাতে কাজলকে অপহরণ করা হয়েছে অভিযোগ এনে চকবাজার থানায় মামলা করেন তার ছেলে মনোরম পলক। এক সময়ের জাসদ ছাত্রলীগ নেতা কাজল নিখোঁজ হওয়ার পর তার সন্ধান দাবিতে পুরনো রাজনৈতিক সহকর্মী, স্বজন ও সাংবাদিকরা মাঠে নেমেছিলেন।

 

তবে নিখোঁজের ঠিক ৩০তম দিনে (৯ এপ্রিল) সাংবাদিক কাজলের ফোন নম্বরটি বেনাপোলেই চালু হয়েছিল। তখন কাজল নিখোঁজের বিষয়টির তদন্ত কর্মকর্তা চকবাজার থানার এসআই মুন্সী আবদুল লোকমান বলেছিলেন, ‘নিখোঁজ সাংবাদিক কাজলের ফোন নম্বরটি চালু হয়েছিল। লোকেশন দেখিয়েছে বেনাপোল। তবে করোনা পরিস্থিতির কারণে ও নম্বরটি চালু থাকার সময় কম হওয়ায় বেনাপোলে কোন অভিযান চালানো সম্ভব হয়নি।’

আরও পড়ুন  সাংবাদিক সুমেলের উপর হামলাকারীর শাস্তি দাবি

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ