সিলেট | |
প্রকাশিত: 6:55 PM, June 9, 2020
প্রভাতবেলা ডেস্ক:
করোনাভাইরাসের সংক্রমণ রোধে লকডাউনের কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কথা চিন্তা করে সিলেটের সব মার্কেটের দোকানদারদের এপ্রিল ও মে মাসের ভাড়া অর্ধেক মওকুফ করা হয়েছে।
সে হিসেবে এক মাসের ভাড়া মওকুফ করা হয়েছে। এমন সিদ্ধান্ত দিয়েছে সিলেটের বিভিন্ন শপিং ও কমার্শিয়াল কমপ্লেক্সের স্বত্বাধিকারীদের সংগঠন সিলেট শপিং ও কমার্শিয়াল কমপ্লেক্স ওনার্স গ্রুপ।
গত বৃহস্পতিবার দুপুরে গ্রুপের কার্যকরী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হলেও মঙ্গলবার (০৯ জুন) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এতে বলা হয়, বর্তমানে করোনা মহামারির কারণে সিলেট তথা সারা দেশের সব মার্কেটসহ ও সব প্রকার ব্যবসাপ্রতিষ্ঠান এপ্রিল ও মে দুই মাস বন্ধ থাকায় মার্কেট মালিক ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এজন্য মার্কেটের দোকানদারদের মানবিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শপিং ও কমার্শিয়াল কমপ্লেক্স ওনার্স গ্রুপের অস্থায়ী কার্যালয় সিলেট সিটি সেন্টারের সাততলায় গ্রুপের সভাপতি ইঞ্জিনিয়ার মোস্তফা শাহরিয়ার চৌধুরীর সভাপতিত্বে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
গ্রুপের সাধারণ সম্পাদক শহিদ আহমদ চৌধুরী সাজুর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন- সংগঠনের সহ-সভাপতি জিএম চৌধুরী, সহ-সভাপতি আব্দুল হাই, সহ-সভাপতি মো. আব্দুল্লাহ আহমদ, সহ-সভাপতি জাকারিয়া ইফতেখার শামীম, সহ-সভাপতি খলিলুর রহমান মাসুম, কোষাধ্যক্ষ নেছার রহিম নাদিম, যুগ্ম-সাধারণ সম্পাদক সাকির আহমদ ও সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান।
সিলেট শপিং ও কমার্শিয়াল কমপ্লেক্স ওনার্স গ্রুপের নেতৃবৃন্দ সিলেটের সব মার্কেট মালিক ও দোকান মালিকদের বর্তমান দুর্যোগের কথা চিন্তা করে ও মানবিক দিক বিবেচনায় তাদের স্ব স্ব প্রতিষ্ঠানের দুই মাসের ভাড়ার অর্ধেক পরিশোধের অনুরোধ জানান।
সভায় সিলেট শপিং ও কমার্শিয়াল কমপ্লেক্স ওনার্স গ্রুপের নেতৃবৃন্দ বর্তমান দুর্যোগ ও লকডাউনে ক্ষতিগ্রস্ত মার্কেট মালিক ও দোকান মালিকদের ক্ষতির দিক বিবেচনা করে, ২০২০ সালের হোল্ডিং ট্যাক্স মওকুফ করার জন্য সিলেট সিটি করপোরেশনের মেয়রের কাছে অনুরোধ জানান।
এছাড়া চলতি অর্থবছরের ভ্যাট-ট্যাক্স মওকুফসহ বন্ধকালীন বিদ্যুৎ বিলসমূহের ওপর ধার্যকৃত সুদ মওকুফ করে কিস্তির মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধের সুযোগ করে দেয়ার জন্য সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন ব্যবসায়ী ও মার্কেট মালিক সংগঠনের নেতারা।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি