চীনে তেলবাহী ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০

প্রকাশিত: 2:00 PM, June 14, 2020

চীনে তেলবাহী ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০

 

বিশ্বভূবন ডেস্ক:

চীনের একটি মহাসড়কে তেলবাহী একটি ট্যাংকার ট্রাক বিস্ফোরিত হয়ে অন্তত দশজন নিহত ও ১১৭ জন আহত হয়েছে। শনিবার দেশটির পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের ওয়েইনলিং শহরের কাছে এ ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

 

খবরে বলা হয়েছে, বিস্ফোরণটি এতই শক্তিশালী ছিল যে নিকটস্থ বাড়িঘর ও কারখানাগুলো ধসে পড়েছে। এছাড়া আশেপাশে থাকা বেশ কয়েকটি গাড়িতেও আগুন ধরে গেছে।

 

এক ভিডিও ফুটেজে দেখা গেছে, ধ্বংসাবশেষের একটি বড় টুকরা উড়ে এসে পাশের কয়েকটি ভবনে আঘাত হেনেছে। অগ্নিকুণ্ড আকাশের দিকে উঠছে এবং আতঙ্কিত মানুষ চিৎকার করছে।

 

অপর এক ভিডিওতে দেখা গেছে, ট্যাংকারের ধ্বংসাবশেষ ও ট্রাকের কয়েকটি চাকা একটি ভবনে প্রচণ্ড গতিতে আঘাত করেছে।

 

সিসিটিভি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা পর্যন্ত নিহতের সংখ্যা ১০ জন এবং আহত ১১৭ জন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন  মিয়ানমারের রাস্তায় রাস্তায় সেনা মোতায়েন

 

জরুরি সেবার সদস্যরা সন্ধ্যা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন বলে সিসিটিভির খবরে বলা হয়েছে।

 

এছাড়া স্থানীয় পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পর বেশ কয়েকটি মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

 

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ