সিলেট | |
প্রকাশিত: 4:44 PM, March 22, 2021
বিশ্বভূবন ডেস্ক:
দুই মাসে ১০ কোটি মানুষ প্রতিষেধক পেয়েছেন। কথা ছিল মহামারি করোনা ভাইরাস মোকাবিলায় এই সাফল্য নিয়ে বক্তব্য দেওয়ার। কিন্তু আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন বললেন আমেরিকার অন্য এক পুরনো ভাইরাসের কথা। সেটি হলো জাতিবিদ্বেষ, যা নিয়ে কখনওই তেমন উচ্চবাচ্য হয় না ওই দেশে।
জর্জিয়ার এশীয়-আমেরিকান সম্প্রদায়ের শোকগ্রস্ত, ক্ষুব্ধ ও উদ্বিগ্ন প্রতিনিধিদের সঙ্গে কথা বলার পর শুক্রবার (২১ মার্চ) বাইডেন এমোরি বিশ্ববিদ্যালয়ে একটি সংক্ষিপ্ত তবে জোরালো বক্তৃতা দেন। কোনো রকম রাখঢাক না-করে বলেন, এশীয়-আমেরিকানদের বিরুদ্ধে সহিংসতা হু-হু করে বাড়ছে আমেরিকায়। তার কথায়, ভিনদেশিদের ঘৃণা করা ও জাতিবিদ্বেষের ঘটনাগুলোকে আমেরিকা আর মেনে নিতে পারে না।
গত সপ্তাহে আটলান্টার তিনটি ম্যাসাজ পার্লার তথা স্পা-য়ে আট জনকে গুলি করে খুন করেছে ২১ বছরের শ্বেতাঙ্গ যুবক রবার্ট এ লং। তদন্তকারীরা অর্থনৈতিক উদ্বেগ ও যৌন আসক্তিকে এর কারণ হিসেবে চালানোর চেষ্টা করলে অনেকেই তার প্রতিবাদ করেন। বলা হয়, ঘটনাটি তার চেয়েও কিছু বেশি। নিহতদের মধ্যে ছ’জনই এশীয় আমেরিকান নারী।
অনেকেই এই বলে সরব হন যে, এর পিছনে রয়েছে এশীয় আমেরিকান ও নারীদের প্রতি ঘৃণা। প্রেসিডেন্ট বাইডেনও এদিন বলেন, এই ঘৃণার বিষ দীর্ঘদিন ধরে আমেরিকাকে তাড়া করে বেড়াচ্ছে। বহু সময়েই এসব নিয়ে নীরব থাকা হয়। কিন্তু নীরব থাকা মানে মেনে নেওয়া। আমাদের বলতেই হবে এসবের কথা। কিছু করতেই হবে।
জানা গেছে, এশীয় আমেরিকান ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলোর বাসিন্দাদের বিরুদ্ধে বিদ্বেষমূলক আচরণের ৩ হাজার ৮০০টি ঘটনা নথিভুক্ত হয়েছে গত এক বছরে। কোথাও শারীরিক বা মৌখিক আক্রমণ, কোথাও বৈষম্য বা নাগরিক অধিকার না-দেওয়ার মতো ঘটনা। সমাজকর্মীদের দাবি, অনেক ক্ষেত্রেই অভিযোগ দায়ের হয় না। চোরাগোপ্তা চলতেই থাকে ঘটনাগুলো।
আটলান্টার হত্যালীলায় স্বজন হারাদের কথা শোনাটা কতটাই হৃদয় বিদারক ছিল, এদিন তা বিশেষভাবে উল্লেখ করেন প্রেসিডেন্ট বাইডেন। জাতিবিদ্বেষ ছড়ানোর প্রশ্নে নাম না-করে পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পকেও একহাত নেন তিনি।
চীনে প্রাণঘাতী নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ প্রথম চিহ্নিত হয়েছিল বলে ক্রমাগত সেটিকে ‘চীনা ভাইরাস’ বলে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গত বছর এ নিয়ে প্রবল বিরোধিতার মুখে পড়তে হয়েছিল সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে। বাইডেন এদিন বলেন, কিছু বললে তার পরিণাম পেতেই হয়। এটা করোনা ভাইরাস। সেটাই শেষ কথা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি