সিলেট লিগ যেন জৌলুস হারানো ভাঙা হাট!

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৪

সিলেট লিগ যেন জৌলুস হারানো ভাঙা হাট!

আফজল হোসেন

 

একটা সময় ঢাকা প্রিমিয়ার লিগের পরেই ছিল সিলেট প্রথম বিভাগ ক্রিকেট লিগের অবস্থান। দেশীয় তারকা ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি তারকারাও মাতাতেন সিলেট লিগ। আকরাম খান-মিনহাজুল আবেদিন নান্নুদের সাথে পাকিস্তান-শ্রীলংকান ক্রিকেটারদের উপস্থিতিতে মুখর থাকত সিলেটের ক্রিকেট পাড়া। শ্রীলঙ্কান বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুন রানাতুঙ্গার সিলেট লিগে খেলার গল্প তো সবার জানা।

 

সিলেট লিগের এমন গল্প এখন পুরোনো অতীত, বিদেশি ক্রিকেটার তো দূরে থাক দেশী তারকা ক্রিকেটারদের উপস্থিতিও এখন চোখে পড়ে না। যে এক দুইজন খেলতে আসেন, তাদের অনেকেই বহুকাল ধরে আছেন জাতীয় দলের বাইরে। অনেকে আবার সবে খেলছেন ঢাকা প্রথম বিভাগ লিগে।

 

চলতি মাহা সিলেট প্রথম বিভাগ লিগের কথাই ধরুন, জিমখানার ১৮৮ রান তাড়া করতে নেমে ব্রাদার্স ইউনিয়ন, সিলেট গুটিয়ে গেছে মাত্র ১৯ রানে। এখানে না হয় ছোট দল বড় দলের বিষয়টা কাজ করল। প্রতিপক্ষ দলে তারকায়ঠাসা তাই হয়তো দুর্বল দল বলেই এতো কমে গুটি যেতেই পারে। আর লো-স্কোরিং ম্যাচ তো হচ্ছে হরমেশাই, জিমখানা ক্লাব, বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্র আর মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে লিগের দলগুলোর খেলোয়াড়েরা যেন দাঁড়াতেই পারছে না।

 

কিন্তু একই চিত্র যদি ফুটে উঠে মোহামেডান স্পোর্টিং ক্লাব, বনাম বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্রের ম্যাচে, তাহলে তো লিগের কোন ম্যাচেই বা প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ দেখার জন্য অপেক্ষা করবে সিলেটের দর্শকরা। অথচ একটা সময় সবাই অধীর আগ্রহে মোহামেডান, জিমখানা ক্লাব, বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্রের ম্যাচের দিকে থাকিয়ে থাকত। সেটা খেলোয়াড়, কর্মকর্তা, দর্শকদের পাশাপাশি সাংবাদিকদের মধ্যে থাকত বাড়তি উন্মাদনা।

আরও পড়ুন  যে মাঠে বেড়ে উঠেছে মোহাম্মদ আশরাফুল, মাঠটিকে বাঁচিয়ে রাখুন

 

আজকাল আর তা দেখা যায় না, সেটা খেলোয়াড় বলুন বা কর্মকর্তা বলুন কিংবা সাংবাদিকদের কথাই বলুন। এখন সিলেট লিগ কারো তেমন কোনো আগ্রহ নেই। তাই মোহামেডান ও বঙ্গবীর অগ্রগামী ম্যাচটা আজকাল একপেশে হয়ে যায়। সিলেট লিগের এমন ম্যাচও দর্শক টানতে পারে না। পাশাপাশি সংবাদ সংগ্রহে কোনো গণমাধ্যমকর্মীও মাঠে আসেন না।

 

মঙ্গলবার অনুষ্ঠিত মোহামেডান স্পোর্টিং ক্লাব ও বঙ্গবীর অগ্রগামী ম্যাচের কথাই বলা যাক। প্রথমে ব্যাট করে মোহামেডান ৪৬.৩ ওভারে গুটিয়ে যায় মাত্র ১৬০ রানে। মোহামেডানের সেই সংগ্রহ বঙ্গবীর ১ উইকেট হারিয়ে টপকে যায় মাত্র ২৫.৫ ওভারে। সেই সাথে ৯ উইকেটের বিশাল জয়ে শিরোপার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেল বঙ্গবীর। লিগে নিজেদের শেষ ম্যাচে জিমখানা ক্লাবকে হারাতে পারলেই দীর্ঘ দিনের শিরোপা খরা এবার কাটাবে অলক কাপালি, ইমতিয়াজ হোসাইন তান্না, আবু জায়েদ রাহি ও তাজিন আহমেদ নিয়ে গড়া বঙ্গবীর অগ্রগামী।

 

বঙ্গবীর অগ্রগামী না হয় চ্যাম্পিয়নই হল, তাতে কী লিগে প্রতিযোগিতা ফিরবে। সেটাও বা হবে কীভাবে, যেখানে মোহামেডান ও বঙ্গবীরের ম্যাচ গড়ায় না নব্বই ওভারে সেখানে বাকী ম্যাচ গুলো তো এমনিতেই হয় যায় একপেশে। লিগে যে দুই চারটা ম্যাচের দিকে সবার নজর থাকে সেই ম্যাচ গুলোর একটি ছিল আজকের এই ম্যাচটি।

 

এবারের লিগে লড়াই জমানোর মতো দলই গড়েনি মোহামেডান। যেখানে বিপরীত চিত্র বঙ্গবীরের, শিরোপা ঘরে তুলতে এবার তারা সিলেটের অভিজ্ঞ ক্রিকেটারদের ভিড়িয়েছে দলে পাশাপাশি একাধিক তরুণ তারকাও রেখেছে তারা। সিলেট লিগে পুলে থাকা প্রায় সব ক্রিকেটারই খেলছেন বঙ্গবীর অগ্রগামীতে৷ সদ্য জাতীয় দলে অভিষিক্ত তানজিম হাসান সাকিবও এক ম্যাচ খেলেছেন বঙ্গবীরের হয়ে৷ আজ মোহামেডানের বিপক্ষে তারা মাঠে নামিয়েছে জাতীয় দলের বাইরে থাকা অভিজ্ঞ ক্রিকেটার নাঈম ইসলামকে। বহিরাগত কোটায় খেলতে আসা নাঈম সাত ওভার হাত ঘুরিয়ে ২ মেডেন সহ ২৮ রানে ১ উইকেট শিকার করলেও সল্প লক্ষ্য হওয়ায় ব্যাট হাতে নেওয়ার সুযোগ পাননি।

আরও পড়ুন  জিম্বাবুয়েকে পাহাড়সম টার্গেট দিল বাংলাদেশ

 

বঙ্গবীরের স্কোয়াড স্থানীয় তারকায় ঠাসা থাকলেও মোহামেডানের স্কোয়াডে এবার তেমন কোনো তারকা নেই। পাশাপাশি গেল বার তারা বহিরাগত কোটায় সোহরাওয়ার্দী শুভ ও নাসির হোসাইনকে খেলালেও এবার তারা বঙ্গবীরের বিপক্ষে মাঠে নামায় ঢাকা  লিগ খেলা আরাফাত সানি জুনিয়র ও একসময় জাতীয় দলে খেলা ইলিয়াস সানিকে। ইলিয়াস স্বীকৃত বোলার আর আরাফাত বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও পারেন ভাল বেশ ভাল। তাই হয়তো বাড়তি কোনো ব্যাটার আনার চিন্তা করেনি মোহামেডান। তবে তারকাবহুল বঙ্গবীরের বোলিংয়ের বিপক্ষে আজ মোহামেডানকে ব্যাটাররাই ভুগিয়েছেন বেশ। ফলাফল ৯ উইকেটের বিশাল হারে শিরোপার লড়াই থেকে ছিটকে যাওয়া।

 

একসময় বড়ো দলের ম্যাচ নিয়ে স্টেডিয়াম পাড়া বেশ সরগরম থাকলেও এখন যে ‘ভাঙা হাট!’ শিরোপা প্রত্যাশি দুই দলের ম্যাচেও আগের মত বয়োজ্যেষ্ঠ কর্মকর্তা, অবসরপ্রাপ্ত ক্রিকেটার, সংবাদকর্মি, ক্রিকেটানুরাগিদের দেখা পাওয়া ভার!

 

সর্বশেষ সংবাদ