চমকে দিতে পারে বাংলাদেশ : আজহার আলী

প্রকাশিত: 9:01 PM, February 6, 2020

চমকে দিতে পারে বাংলাদেশ : আজহার আলী

 

মাঠে ময়দানে ডেস্ক:

সম্প্রতি হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। জানুয়ারিতে পাকিস্তানে টি-টুয়েন্টি সিরিজ হেরেছে। এর আগে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে হয়েছে হোয়াইটওয়াশ। তাই আত্মবিশ্বাসের ঘাটতি নিয়েই রাওয়ালপিন্ডিতে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ।

 

টাইগাররা সর্বশেষ টেস্ট জিতেছে ২০১৮ সালে। এরপর আরও ৫ টেস্ট খেললেও জয়ের মুখ দেখেনি। পাকিস্তানের বিপক্ষেও বাংলাদেশের পরিসংখ্যান হতাশাজনক। তাদের বিপক্ষে ৯ ম্যাচ খেলে এখনো জয়ের দেখা পায়নি টাইগাররা।

 

শক্তি ও সামর্থ্যে বাংলাদেশ পিছিয়ে থাকলেও মুমিনুলদের হালকাভাবে নিচ্ছেন না পাকিস্তানের টেস্ট অধিনায়ক আজহার আলী। সংবাদ সম্মেলনে আজহার আলী বলেন, ‘বাংলাদেশ খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠতে পারে, আপনাকে চমকে দিতে পারে। তাই আমরা তাদের হালকাভাবে নিচ্ছি না। তাদের দলটিতে ম্যাচ উইনাররা রয়েছে। ঘরের মাঠে ম্যাচ জিততে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।’

 

গুরুত্বপূর্ণ এ টেস্টে দলে নেই মুশফিকুর রহীম। এছাড়া নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। এছাড়া ইনজুরির কারণে দলে নেই সাদমান ইসলাম ও মেহেদী মিরাজ। বাজে পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন মুস্তাফিজুর রহমান। কাজেই বাংলাদেশকে এ ম্যাচ পূর্ণ শক্তি দল ছাড়াই খেলতে হচ্ছে।

আরও পড়ুন  'শিরোপা নির্ধারণী' ম্যাচে জিমখানাকে হারিয়েছে বঙ্গবীর অগ্রগামী

 

তবে তারপরও নিজেদের এগিয়ে রাখতে নারাজ পাক অধিনায়ক। তিনি বলেন, ‘তাদের দলে গুরুত্বপূর্ণ কজন খেলোয়াড় নেই। তবে যা বললাম- হয়তো আমরা স্বাগতিক দল হিসেবে এগিয়ে থাকছি, কিন্তু মাঠের বাইরে কিছুই জেতা যায় না। মাঠে নেমে তাই আমাদের ভালো খেলতে হবে।’

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ