সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১০:৩৬ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০২৪
শনিবার রাজধানীর মিরপুরের কাজীপাড়া, শেওড়াপাড়া, ১০ নম্বর গোলচত্বর, কালশী, মোহাম্মদপুর, উত্তরা, কারওয়ান বাজার, পুরান ঢাকাসহ বিভিন্ন স্থানে রাস্তার মোড়ে মোড়ে পানি জমে থাকতে দেখা গেছে। থেমে থেমে বৃষ্টির কারণে বেশির ভাগ এলাকার প্রধান সড়ক এবং গলি থেকে পানি নামতে পারেনি। ফলে গলিগুলোতে ট্রাফিক জ্যাম লাগতে দেখা গেছে। ছাতা নিয়ে বের হওয়ার পরও রাস্তায় জমে থাকা পানির কারণে ভিজে বাড়ি ফিরেছেন অনেকেই।
আবহাওয়াবিদেরা বলছেন, কাল রোববার থেকে বৃষ্টি আরও বাড়তে পারে। আগামী পাঁচ দিন ওই বৃষ্টি চলতে পারে। এর মধ্যে চট্টগ্রাম, রংপুর, সিলেট ও ময়মনসিংহে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এতে চট্টগ্রাম, রাঙামাটি, কক্সবাজার, খাগড়াছড়ি ও বান্দরবানের ভারী বৃষ্টির কারণে পাহাড়ধসের আশঙ্কা আছে। এসব জেলায় ৫০ থেকে ১০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বৃষ্টিপাত ১০০ মিলিমিটার অতিক্রম করে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, মৌসুমি বায়ু বেশ শক্তিশালী হয়ে বাংলাদেশের উপকূল থেকে শুরু করে মধ্যাঞ্চল হয়ে উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়ে পড়েছে। এর ফলে সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে; যা আগামী চার-পাঁচ দিন ধরে চলতে পারে। তবে বঙ্গোপসাগরের লঘুচাপটি আর শক্তি অর্জন করার সম্ভাবনা নেই। তবে এর প্রভাবে আকাশে মেঘ বেড়ে গেছে।
আবহাওয়াবিদেরা বলছেন, বছরের এই সময়টাতে আকাশে মেঘ কিছুটা নিচের দিকে নেমে আসে। ফলে বাতাসে আর্দ্রতা বেড়ে যায়। যে কারণে বৃষ্টি ও ঝোড়ো বাতাস থাকা সত্ত্বেও গরম কমে না; বরং তাপমাত্রা বেড়ে গরমের অস্বস্তি তৈরি হয়। আগামী কয়েক দিন টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়া চললেও তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই।
আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, গতকাল রাজধানীতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দেশের সবচেয়ে বেশি বৃষ্টি ঝরেছে ফেনীতে, ১১৩ মিলিমিটার। এ ছাড়া পঞ্চগড়ে ৯৯ মিলিমিটারসহ দেশের উত্তরাঞ্চলের বেশির ভাগ জেলায় ৫০ মিলিমিটারের চেয়ে বেশি বৃষ্টি ঝরেছে। আজ বৃষ্টি আরও বাড়তে পারে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি