শাহজাদপুরে মেয়রের গুলিতে সাংবাদিক নিহত: আজ হরতাল

প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৭

সংবাদদাতা, শাহজাদপুর:

সিরাজগঞ্জের শাহজাদপুরে মেয়রের শটগানের গুলিতে নিহত সাংবাদিক আবদুল হাকিম শিমুলের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। এদিকে সংঘর্ষের ঘটনায় শাহজাদপুর থানা পুলিশ পৌর মেয়র হালিমুল হক মিরুর শর্টগান জব্দ ও তার দুই ভাই পিন্টু ও মিন্টুকে গ্রেপ্তার করেছে। স্থানীয় প্রেসক্লাব এবং সাংবাদিকদের বিভিন্ন সংগঠন আজ শনিবার শাহজাদপুরে আধাবেলা হরতাল আহবান করেছে।

 

সিভিল সার্জন ডা. শেখ মনজুর রহমান জানিয়েছেন, গুলিতেই সাংবাদিক শিমুলের মৃত্যু হয়েছে। ময়না তদন্তে শিমুলের মাথায় গুলি পাওয়া গেছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে শিমুলের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

সিভিল সার্জন ডা. শেখ মনজুর রহমান বলেন, তিন সদস্যের একটি চিকিৎসক দল রাতে ময়না তদন্ত সম্পন্ন করেন। আমি নিজেই ময়না তদন্তের সময় উপস্থিত ছিলাম। এ সময় শিমুলের মাথার ভেতর থেকে একটি গুলি পাওয়া যায়।

 

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আকরামুজ্জামান জানান, ময়না তদন্ত শেষে মরদেহ শাহজাদপুরে পাঠিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন  মুক্তিযোদ্ধাকে ফাঁসাতে নিজের মন্দিরে আগুন

 

শাহাজাদপুর থানার ওসি রেজাউল হক জানান, শিমুল নিহত হওয়ার ঘটনায় পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী নুরুন নাহার বেগম বাদী হয়ে পৌর মেয়রসহ ১৮ জনের বিরুদ্ধে রাতে একটি হত্যা মামলা করেছেন।

 

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে শাহজাদপুর পৌর শহরে আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষ হয়। ওই সময় পেশাগত দায়িত্ব পালনকালে শিমুল ডান চোখে ও মাথায় গুলিবিদ্ধ হন। আহত শিমুলকে প্রথমে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তির পর ঢাকা নেওয়ার পথে শুক্রবার দুপুরে তিনি মারা যায়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ