সার্চ কমিটি ঘোষণা আজ, থাকছেন একাধিক বিচারপতি

প্রকাশিত: 7:48 PM, January 23, 2017

প্রভাতবেলা প্রতিবেদক: নির্বাচন কমিশন পুনর্গঠনের লক্ষ্যে আজ মঙ্গলবার সার্চ কমিটির নাম ঘোষণা করবেন রাষ্ট্রপতি। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমবার বিকেলে বঙ্গভবনে বৈঠকে করেন রাষ্ট্রপতি। এমন তথ্যই জানা যাচ্ছে সংশ্লিষ্ট সূত্র থেকে।

সূত্রটি জানায়, সময় স্বল্পতার কারণে আইন করে নিয়োগ প্রক্রিয়ায় না গিয়ে আপাতত সার্চ কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি। আর ওই সার্চ কমিটির মাধ্যমেই আগামী কমিশনের নিয়োগ দিতে চান।
বঙ্গভবন সূত্রে জানা গেছে, সার্চ কমিটির সদস্য কারা হতে পারেন সে বিষয়টিও মোটামুটি বিবেচনায় রেখেছেন রাষ্ট্রপতি। সার্চ কমিটির গঠন বিষয়ে ও নাম চূড়ান্ত করার জন্য সোমবার বিকেলে বঙ্গভবনে বৈঠক করেন রাষ্ট্রপতি।

সার্চ কমিটির সদস্য সংখ্যা পাঁচজন হতে পারে। কারা কারা থাকছেন এই বিষয়ে জানতে চাইলে বলেন, প্রাথমিক আলোচনা চলছে। তবে কারা কারা থাকবেন এটার জন্য আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। কমপেক্ষ দুই জন বিচারপতি থাকবেন এটা মোটামুটি নিশ্চিত বলে একটি সূত্র আভাস দিয়েছে।

আরও পড়ুন  সাংবাদিকদের অবশ্যই দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী

এর আগের যে সার্চ কমিটি করা হয়েছিল ওই সার্চ কমিটির সদস্য হিসাবে যে সব সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধানগণ ছিলেন এবার তাদের রাখা হচ্ছে কিনা এই ব্যাপারে জানতে চাইলে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেছেন, ওই ধরণের কোন পরিকল্পনা করা হয়নি। বিষয়টি রাষ্ট্রপতি আলোচনা করেই করবেন। সিদ্ধান্ত তিনি নিলেও বিষয়টি যাতে সবার কাছে গ্রহণযোগ্য হয় তিনি তেমন সিদ্ধান্তই নিবেন।

বিএনপি ছাড়া অন্যান্য দল তাদের মতো করে প্রস্তাব দিয়েছে। বিএনপি সুনির্দিষ্ট করে সার্চ কমিটির সদস্যদের পদবি বলার কারণে রাষ্ট্রপতিকে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হচ্ছে। অন্তত তাদের প্রস্তাবের একজন হলেও রাখার চেষ্টা হবে। যাতে করে বিএনপি এনিয়ে সার্চ কমিটির বিষয়ে কোন আপত্তি করতে না পারে।

সার্চ কমিটি হয়ে গেলে এরপর তারা বেশি সময় পাবেনও না। কারণ ৭ ফেব্রুয়ারির মধ্যে কমিশন গঠন করতে হবে। আগামী একসপ্তাহ থেকে দশ দিন সার্চ কমিটিকে সম্ভাব্য কমিশনারদের নাম বাছাই করার জন্য সময় দেওয়া হতে পারে। এরমধ্যে সার্চ কমিটি নির্বাচন কমিশনার হওয়ার জন্য যাদেরকে যোগ্য মনে করবেন এই রকম দশটি নাম দিবেন। ওই দশটি নাম থেকে রাষ্ট্রপতি পাঁচটি নাম চূড়ান্ত করবেন। নাম চূড়ান্ত করার পর এখন চারজনকে নিয়োগ দিবেন। আর বাকি একজনকে নিয়োগ দিবেন আরো এক সপ্তাহ পরে। কারণ নির্বাচন কমিশনের বর্তমান চার কমিশনারের মেয়াদ শেষ হচ্ছে ৮ ফেব্রুয়ারি। আর বাকি একজনের মেয়াদ শেষ হবে ১৪ ফেব্রুয়ারি। সেই হিসাবে একজন পরে দায়িত্ব নিবেন। তবে দায়িত্ব পরে নিলেও নিয়োগ একসঙ্গেও দেয়া হতে পারে।

সর্বশেষ সংবাদ