হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ২০, আটক ১৩

প্রকাশিত: 4:32 PM, June 16, 2020

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ২০, আটক ১৩

 

প্রতিনিধি, হবিগঞ্জ:

 

হবিগঞ্জের আজমিরীগঞ্জের শিবপাশা ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২৩ রাউন্ড রাবার বুলেট ও ৬ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ঘটনাস্থল থেকে ১৩ জনকে আটক করেছে পুলিশ।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকেলে আজমিরীগঞ্জ উপজেলা কৃষক লীগের আহবায়ক মো. হিফজুর রহমান ও শিবপাশা ইউনিয়নের শ্রমিক লীগের আহবায়ক মো. সাবান মিয়ার মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতণ্ডাসহ হাতাহাতির ঘটনা ঘটে।

 

এরই জের ধরে সোমবার রাত অনুমানিক ৮ টার দিকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ২ ঘন্টাব্যাপী সংঘর্ষে পুলিশের এক এসআই ও দুই কনস্টেবলসহ উভয়পক্ষের আনুমানিক ২০ জন আহত হয়।

 

খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার ওসি তদন্ত মোহাম্মদ আবু হানিফ ও এসআই মফিজুল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২৩ রাউন্ড রাবার বুলেট ও ৬ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ১৩ দাঙ্গাবাজকে আটক করেন।

আরও পড়ুন  ছাত্রদল নেতা মাসরুর রাসেলের পিতার মৃত্যুতে জেলা বিএনপির শোক

 

আটককৃতরা হলো, খন্দকার বাড়ির সাবান মিয়ার ছেলে টিপু (১৯), নুর মিয়ার ছেলে ছোটন (২৫), রুপ মিয়ার ছেলে ডালিম(১৯), মৃত ছিদ্দিক উল্ল্যার ছেলে তরিকুল ইসলাম (৪৭), আন্জাবাড়ির আ. জলিলের ছেলে নজরুল ইসলাম (২৭), নরুল ইসলামের ছেলে শেখ উদ্দিন (৪০), বন্দের বাড়ির খুশমান মিয়ার ছেলে সামায়ুন মিয়া (২৮), উত্তরবাড়ি পাড়ার মান উল্ল্যার ছেলে ইয়াউর (২৫), আখের আলীর ছেলে খোকন (২৮), মৃত মতি মিয়ার ছেলে মেজবাহ (২৭), আক্কল আলীর ছেলে মোতাব্বির (৩০), কলিম উল্লার ছেলে আকলু মিয়া (২৫) এবং আমান উল্ল্যার ছেলে মাসুক (২২)।

 

আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবু হানিফ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ২৩ রাউন্ড রাবার বুলেট এবং ৬ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ বিষয়ে শিবপাশা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শাহ আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করছেন ৷ পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন  সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন সম্পন্ন

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ