সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, মে ১১, ২০২১
বিশ্বভূবন ডেস্ক:
মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবায় ভয়ঙ্কর রূপ ধারণ করেছে দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ ভারত। প্রতি মুহূর্তে সংক্রমণের ভয়ে কাঁটা সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে উত্তরপ্রদেশ ও বিহারের ছবি দেখে শিউরে উঠছেন সবাই। এই দুই রাজ্যে গঙ্গা ও যমুনা নদীতে ভেসে বেড়াচ্ছে প্রচুর মৃতদেহ। বিহারে দেড় শতাধিক লাশ নদীতে ভাসতে দেখা গেছে। একই ঘটনা উত্তরপ্রদেশেও।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, যোগী আদিত্যনাথের রাজ্যের হমিরপুর জেলায় এমনই ভয় ধরানো দৃশ্য চোখে পড়েছে। স্বাভাবিকভাবেই এমন ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। করোনা আবহে মৃতের স্তূপ, গণচিতার সাক্ষী হয়েছে ভারত। এমন পরিস্থিতিতে অনেকেরই আশঙ্কা, যমুনায় ভাসতে থাকা মৃতদেহগুলো করোনা আক্রান্তদের হতে পারে।
দেশের একাধিক রাজ্যের মতো উত্তরপ্রদেশে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। মৃতদেহ সৎকারের জায়গার অভাব দেখা দিয়েছে বিভিন্ন এলাকায়। তাই যমুনায় ভাসতে থাকা লাশ করোনা আক্রান্তদের হওয়া অস্বাভাবিক নয়।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, স্থানীয় প্রশাসনই নাকি মৃতদেহগুলো যমুনায় ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। আবার উত্তরপ্রদেশের একাধিক জেলায় স্থানীয়দের যমুনা নদীতে মৃতদেহ ফেলতেও দেখা গিয়েছিল। করোনায় মৃতদেহের সংখ্যা ধামাচাপা দিতেই এই কাণ্ড বলেও ওঠে অভিযোগ। এই সমস্ত ঘটনাই নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে।
হমিরপুরের এএসপি অনুপ কুমার সিং এ প্রসঙ্গে বলেন, হমিরপুর ও কানপুরের সীমান্ত বরাবর যমুনা নদী বয়ে গিয়েছে। স্থানীয়রা এই নদীকে পবিত্র বলে বিশ্বাস করে এখানে মৃতদেহ ভাসিয়ে দেন।
একই রকম ঘটনার সাক্ষী থাকল বিহারের কাটিহারও। সেখানে দেড়শরও বেশি কোভিডে মৃতের দেহ গঙ্গায় ভাসতে দেখা গিয়েছে। হাসপাতালে পড়ে থাকা যে সমস্ত মৃতদেহ পরিবারের তরফে চাওয়া হয় না, সেগুলোই নাকি হাসপাতালের কর্মীরা গঙ্গায় ফেলেছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
ভারতে গত একদিনে নতুন করে মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৭৯ জন। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৯ হাজার ৫১৭ জন। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ কোটি ২৯ লাখ ৯১ হাজার ৯২৭ জন। মারা গেছেন ২ লাখ ৫০ হাজার ২৫ জন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি