জাতীয় চ্যাম্পিয়নশীপের স্নায়ুক্ষয়ী ম্যাচে জামালপুরকে হারিয়েছে সিলেট

প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৪

জাতীয় চ্যাম্পিয়নশীপের স্নায়ুক্ষয়ী ম্যাচে জামালপুরকে হারিয়েছে সিলেট

 

তানজীল শাহরিয়ার 

 

৪২তম জাতীয় চ্যাম্পিয়নশিপ ক্রিকেট প্রতিযোগিতায় তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ণ ম্যাচে জামালপুর জেলা কে তিন রানে হারিয়েছে সিলেট জেলা।

 

টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সিলেট।  তৃতীয় ওভারে উদ্বোধনী ব্যাটসম্যান মিজানুর রহমান সায়েমকে হারালেও ২য় উইকেট জুটিতে তোফায়েল এবং মাজহারুল হক মাজেদ ৬১ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন।  এক প্রান্তে মাজেদ আস্থার সঙ্গে ব্যাট করলেও অন্য প্রান্তের ব্যাটাররা উইকেটে থিতু হতে পারেননি।  নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সিলেট।

 

শেষ পর্যন্ত ৪৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে সিলেট জেলা দল।

 

মাজেদ ৪৩, তোফায়েল ২৪, রিয়াদ ১৯, কামরুল ইসলাম ১৫, তাজিন ১২ রান করেন।

 

জামালপুরের প্রত্যয় ২৮ রান দিয়ে ৫টি উইকেট লাভ করেন। জনি এবং কায়কোবাদ ২টি করে এবং আনন্দ ১টি উইকেট পেয়েছেন।

 

অল্প রানের পুঁজি নিয়ে বল করতে নেমে শুরু থেকেই জামালপুরকে চেপে ধরে সিলেটের বোলাররা।  মাত্র ২১ রানের মধ্যেই জামালপুরের ৫ ব্যাটারকে সাজঘরে ফেরত পাঠায় সিলেটের বোলাররা।  অফ স্পিনার কামরুল এবং বাঁহাতি স্পিনার মাহবুব হাসানের স্পিনে রীতিমত খাবি খাচ্ছিল জামালপুরের ব্যাটাররা।

আরও পড়ুন  ফের মুশফিককে টপকে শীর্ষে তামিম

 

জামালপুরের দলীয় সংগ্রহ যখন ২১ তখন দ্বিতীয় উইকেটের পতন ঘটে। স্কোর বোর্ডে রানের সংখ্যা না বদলালেও তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম উইকেট সিলেটি বোলাররা তুলে নেন ৪.৩ অভার থেকে ১০.২ অভারের মধ্যে।

 

প্রত্যয় এক প্রান্ত আগলে রেখে ব্যাট করে গেলেও অন্য প্রান্তে চলছিলো যাওয়া আসার মিছিল। সিলেটের স্পিনাররাও খুব আঁটসাঁট বোলিং করে জামালপুরের ব্যাটারদের জন্য রান তোলাকে কঠিন এক চ্যালেঞ্জে রূপান্তরিত করেছিলেন।

 

শেষ পর্যন্ত ৫০ ওভার ব্যাট করে জয় থেকে তিন রান দূরে থাকতেই অলআউট হয় জামালপুর।

 

প্রত্যয় ৪৯ রান করেন,  জনি ১৫, মমিন ১৪,  কায়কোবাদ ১২ রান সংগ্রহ করেছেন।

 

মাহবুব ১০ অভার  বল করে মাত্র ২৩ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেছেন।  কামরুল ইসলামও ১০ ওভার বল করে ২ উইকেট তুলে নিতে খরচ করেছেন মাত্র ১৫ রান।  সফর আলীও ৩১ রান দিয়ে ২টি উইকেট পেয়েছেন।

আরও পড়ুন  সেঞ্চুরিয়নে নতুন ইতিহাস বাংলাদেশের, দাপুটে সিরিজ জয়

 

তাজিন এবং জাভেদ দুজনে ১টি করে উইকেট পেলেও, জাবেদ ১০ ওভার বল করে মাত্র ২০ রান ব্যয় করেছেন।

 

বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে জাতীয় চ্যাম্পিয়নশিপে এবারের অভিযাত্রা জয় দিয়ে শুরু করলো সিলেট জেলা দল।

সর্বশেষ সংবাদ