ডিসেম্বরের শেষ সপ্তাহে পৌর নির্বাচন: সিইসি

প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২০

ডিসেম্বরের শেষ সপ্তাহে পৌর নির্বাচন: সিইসি

প্রভাতবেলা ডেস্ক:

ডিসেম্বরের শেষ সপ্তাহে পৌর সভা নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। পাঁচটি ধাপে ইভিএম পদ্ধতিতে পৌর সভা নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। নির্বাচন কমিশনের (ইসি) সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার এ তথ্য জানান।

তিনি বলেন: আগামী জানুয়ারি থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে পৌরসভাসহ যেসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হবে সেসব প্রতিষ্ঠানে ডিসেম্বরের শেষ নাগাদ ভোট নেওয়া হবে। এই ধাপে ২০-২৫টি পৌরসভায় ভোট নেওয়া হতে পারে।

সিইসি বলেন: সব পৌরসভায় ভোট নেওয়া হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। তবে ইউনিয়ন বা উপজেলা পরিষদের সব নির্বাচন ইভিএমে করা সম্ভব হবে না। কিছু সংখ্যক নির্বাচন হয়তো ইভিএমে হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন: কয়েকটি ধাপে পৌর নির্বাচন করতে হবে। হয়তো পাঁচটি ধাপে হতে পারে। তবে কয় ধাপে হবে তা এখনো ঠিক হয়নি।

আরও পড়ুন  অস্ট্রেলিয়ার সিরিজ বাতিল সিদ্ধান্তকে ভাল ভাবে নিচ্ছেনা বিসিবি

সিইসি নূরুল হুদা বলেন: জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) বাংলায় রূপান্তরের প্রাথমিক কাজ শেষ হয়েছে। এই আদেশের নাম গণপ্রতিনিধিত্ব আইন-২০২০ করার চিন্তা করা হয়েছিল। তবে সেটি করা হচ্ছে না। বাংলায় রূপান্তর ছাড়া আর কোনো কিছু পরিবর্তনের প্রস্তাব করা হচ্ছে না। তবে রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত ধারাগুলো এই আদেশ থেকে বাদ দিয়ে আলাদা একটি আইন করার প্রস্তাব করা হচ্ছে। তবে যদি সরকার মনে করে আলাদা আইন করার প্রয়োজন নেই, তাহলে সেসব আরপিওতে রাখা হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, পৌরসভা গঠনের পর প্রথম সভা থেকে পৌরসভায় মেয়াদ শুরু হয়। একেকটি পৌরসভার প্রথম বৈঠক একেক সময়ে হয়েছে। সবগুলো পৌরসভার মেয়াদ একসঙ্গে পূর্ণ হবে না। যে কারণে সব পৌরসভায় একসঙ্গে নির্বাচন করা সম্ভব হবে না।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ