‘পথে নামো, আওয়াজ তুলো’

প্রকাশিত: 10:27 AM, October 8, 2020

‘পথে নামো, আওয়াজ তুলো’

প্রভাতবেলা প্রতিবেদক:

ধর্ষণ ও নারী নিপীড়নসহ বিচারহীনতার বিরুদ্ধে সাধারণ নাগরিকদের নিয়ে আন্দোলন শুরু করেছে ‘দুস্কাল প্রতিরোধে আমরা’। স্কুলে, কলেজ শিক্ষার্থী থেকে শুরু করে নানা শ্রেণিপেশার মানুষ, সামাজিক, সাংস্কৃতিক ও নাগরিক সগংঠনের নেতাকর্মীদের নিয়ে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।

‘পথে নামো, আওয়াজ তুলো, অনাচার-অবিচার-নৃশংসতা, রুখে দাঁড়াও’ স্লোগানে বুধবার (০৭ অক্টোবর) বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে আয়োজিত গণজমায়েতে অংশ নেন নানা শ্রেণি-পেশার মানুষ। হাতে ফেস্টুন, মুখে নানা  স্লোগান। ‘নামলে পথে জনগণ, ধর্ষক করবে পলায়ন, ‘বুক পেতেছি, গুলি কর, বুকের ভেতর বইছে ঝড়’ ইত্যাদি  স্লোগানে মুখর হয়ে উঠে নগরের চৌহাট্টা ও এর আশপাশ এলাকা।

এতে সংহতি জানিয়ে বক্তব্য দেন- মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগরের  সাবেক কমান্ডার ভবতোষ রায়বর্মণ রানা, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদউল্লাহ শহীদুল ইসলাম, বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউট সিলেট শাখার সভাপতি স্থপতি জেরিনা হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যৌন নিপিড়ন বিরোধী আন্দোলনের নেত্রী অধ্যাপক জায়েদা শারমীন স্বাতী, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী, শাবি’র যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধকল্পে অভিযোগ কমিটির সদস্য সচিব আফরিন আহমদ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশীদ রেনু, প্রত্নতত্ত্ব সংরক্ষক মোস্তফা শাহ জামান চৌধুরী বাহার, আইনজীবী দেবব্রত চৌধুরী লিটন প্রমুখ।

আরও পড়ুন  মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের মধ্যে আদর্শলিপি  বিতরণ

নাগরিক আন্দোলনের সংগঠক আব্দুল করিম কিম ও রাজীব রাসেলের সঞ্চলনায় ধর্ষণ, অনাচার, অবিচার ও নৃশংসতা বিরোধী এই কর্মসূচির সঙ্গে একাত্মতা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘নারীর জন্য নিরাপদ জনপদ বিনির্মাণ, অনাচার, অবিচার ও নৃশংসতামুক্ত দেশ গঠনে সকল নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘সবাইকে পথে নামতে হবে। সবাই পথে নামুন, অশুভ শক্তি ধ্বংস হবে।’

‘দুস্কাল প্রতিরোধে আমরা’ আন্দোলনের সংগঠক আব্দুল করিম কিম বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন, ‘পথে সবাইকে নামতে হবে। পথে নামুন। আমরা অশুভ সময় অতিক্রম করছি। প্রতিনিয়ত অন্যায়-অনাচার-অবিচার-নৃশংসতা আমাদের এই প্রিয় মাতৃভূমিকে গ্রাস করছে। আমরা দেখছি আর হতাশায় ক্লিষ্ট হচ্ছি। এ পরিস্থিতির জন্য আমরা সবাই অভিযুক্ত।’

আয়োজকদের পক্ষে দেবাশীষ দেবু পরবর্তী কর্মসূচী ঘোষণা দিয়ে জানান, আগামী শুক্রবার বিকেল ৪টায় একই স্থানে, একই দাবিতে আবারও গণজমায়েত অনুষ্ঠিত হবে।

সর্বশেষ সংবাদ