সিলেট ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০১৬
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের উপনির্বাচনে একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল আহসান বুলবুল সভাপতি নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বৈশাখী টিভির বার্তাপ্রধান অশোক চৌধুরীর চেয়ে ১০৩ ভোট বেশি পেয়ে তিনি তৃতীয়বারের বিএফইউজের সভাপতি নির্বাচিত হলেন। উপনির্বাচনে মনজুরুল আহসান বুলবুলের প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী ছিলেন ডেইলি স্টারের সিটি এডিটর আব্দুল জলিল ভুঁইয়া এবং বৈশাখী টিভির বার্তাপ্রধান অশোক চৌধুরী। নির্বাচনে মনজুরুল আহসান বুলবুল পেয়েছেন এক হাজার ৬৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী অশোক চৌধুরী পেয়েছেন ৯৬২ ভোট। আব্দুল জলিল ভুঁইয়া পেয়েছেন ২৮৫ ভোট। মনজুরুল আহসান বুলবুল এর আগে বিএফইউজের নির্বাচনে দুবার সভাপতি এবং তিনবার মহাসচিব পদে নির্বাচিত হয়েছিলেন। জাতীয় পর্যায়ে তিনি পরিচিত মুখ এবং বিএফইউজের নির্বাচনে হেভিওয়েট প্রার্থী। এমন একজন প্রার্থীর বিরুদ্ধে ভোটে তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলে আলোচনার জন্ম দিয়েছেন অশোক চৌধুরী। গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, যশোর, রাজশাহী, বগুড়া, দিনাজপুর ও ময়মনসিংহের সাংবাদিক ইউনিয়নের সদস্যরা ভোট দেন। ভোট গণনা শেষে গতকাল রাত ১০টায় বিএফইউজের উপনির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আবু তাহের নির্বাচনের ফল ঘোষণা করেন। বিএফইউজের নির্বাচিত সভাপতি আলতাফ মাহমুদের মৃত্যুতে পদটি শূন্য হয়। বিএফইউজের মোট ভোটার তিন হাজার ৭৯৭ জন। উপনির্বাচনে ঢাকা কেন্দ্রে দুই হাজার ৯৮৬ ভোটের মধ্যে এক হাজার ৭৮২টি ভোট পড়ে। এর মধ্যে ১৭৬টি ভোট বাতিল হয়। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) একটি সূত্র জানায়, নির্বাচনে নিজ জেলা চট্টগ্রাম কেন্দ্রে অশোক চৌধুরী ১৭৪ ভোট পেয়েছেন। সেখানে মনজুরুল আহসন বুলবুল পেয়েছেন ১১৩ ভোট।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি