সিলেট ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১০:৪৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২০
প্রতিনিধি,কুমিল্লা:
কুমিল্লার দাউদকান্দি উপজেলার শাকিল মিয়া জীবিকার তাগিদে দুই বছর আগে পাড়ি দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা। সেখানে সন্ত্রাসীদের আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রবিবার (২৬ জানুয়ারি) ভোরে উপজেলার গৌরীপুর ইউনিয়নের পেন্নাই গ্রামে তার লাশ পৌঁছে। বেলা ১১টার দিকে পেন্নাই ঈদগাঁ মাঠে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।
শাকিলের পোড়া লাশ দেখে রিকশাচালক বাবা হোসেন মিয়া, মা সামসুন নাহার ও স্ত্রী শান্তা বেগমের আহাজারিতে এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে উঠে।
স্বজনরা জানান, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের নিকটবর্তী পামব্রিজ (কেতলেহং) এলাকায় ২০ জানুয়ারি আসরের নামাজের পর একদল সন্ত্রাসী শাকিলের দোকানে ঢুকে লুটপাট চালায়। প্রতিবাদ করলে তাকে বেধড়ক মারধর করে শাকিলকে ভেতরে রেখেই পেট্রোল ঢেলে দোকানঘরটিতে আগুন ধরিয়ে হামলাকারীরা চলে যায়।
পরে স্থানীয় লোকজন শাকিলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বুধবার (২২ জানুয়ারি) রাতে চিকিৎসাধীন অবস্থায় শাকিলের মৃত্যু হয়।
শাকিলের বাবা হোসেন মিয়া বলেন, রিকশা চালিয়ে ছেলে-মেয়েদের বড় করেছি। এখন আর রিকশা চালাতে পারি না, যখন যে কাজ পাই, সে কাজ করি। তার ওপরে ঋণের বোঝা। কী করব বুঝতে পারছি না।
শাকিলের স্ত্রী শান্তা আক্তার বলেন, মৃত্যুর এক ঘণ্টা আগে তার সঙ্গে ফোনে কথা হয় শাকিলের। তিনি বলেছিলেন, তার ব্যবসা করতে খুবই ভয় লাগে। ঋণ শোধ হয়ে গেলে দেশে ফিরে আসবেন। আবার বাসের সুপারভাইজারের চাকরিতে যোগ দেবেন। ফিরে আসছেন ঠিকই, কিন্তু পোড়া লাশ হয়ে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি