সুনামগঞ্জে সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক আহত

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০১৭

সংবাদদাতা, সুনামগঞ্জ : পূর্ব বিরোধের জের ধরে সুনামগঞ্জের তাহিরপুরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক ব্যক্তির আহত হওয়ার খবর পাওয়া গেছে। ১২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার তরং গ্রামের সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেন কনকন ও প্রতিবেশী নুরু মিয়ার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মহিউদ্দিন বিপ্লব জানান, গুরুতর আহতাবস্থায় জাহাঙ্গীর তালুকদার, খলিল তালুকদার, নাঈম মিয়া, হিরা তালুকদার, লোকমান তালুকদারসহ ২০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও শাহ মঞ্জুর মিয়া, আলীসাদ, লায়েস মিয়াসহ ৫ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার তরং গ্রামের সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেন কনকন ও প্রতিবেশী নুরু মিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলমান থাকায় উভয়পক্ষের বিরুদ্ধে আদালতে মামলা-মোকদ্দমা রয়েছে। এর আগে গতকাল বুধবার বিকেলে বাড়ির সীমানাকে কেন্দ্র করে উভয়পক্ষের লোকদের মধ্যে কথা কাটাকাটি হলে এ নিয়ে উভয়য়ের মধ্যে টান টান উত্তেজনা দেখা দেয়। সকালে দেশিয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।
পুলিশ সুপার (এসপি) মো. হারুন অর-রশীদ সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
——————
সম্পাদনা: রেজাউল হক ডালিম

সর্বশেষ সংবাদ