হাইপারফরম্যান্সের কোচ শোয়েব আখতার

প্রকাশিত: 2:25 PM, August 17, 2020

হাইপারফরম্যান্সের কোচ শোয়েব আখতার

মাঠে ময়দানে ডেস্ক:

পাকিস্তান দলের সাবেক গতিতারকা শোয়েব আখতারকে হাইপারফরম্যান্স দলের কোচ হিসাবে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম জিও সুপার টিভি জানিয়েছে, জাতীয় দলে যোগদানের আগের ওই ধাপের ক্রিকেটারদের বোলিং কোচ হিসাবে দায়িত্ব পালন করবেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেসখ্যাত শোয়েব আখতার। অর্থাৎ দেশটির জাতীয় দলের ভবিষ্যত কাণ্ডারিদের গড়ে তোলার দায়িত্ব তুলে দেয়া হচ্ছে শোয়েবের হাতে।

অবশ্য শুধু শোয়েব আখতারই নন, দেশটির সাবেক ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ ও পেস অলরাউন্ডার আবদুর রাজ্জাকের অভিজ্ঞতাও কাজে লাগাতে চায় পিসিবি। তবে রাজ্জাক-ইউসুফের নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা এখনও দেয়নি পিসিবি।

সম্প্রতি পাকিস্তান ক্রিকেটে বিদেশিদের না এনে দেশের সাবেক তারকাদের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে জোর আলোচনা চলে। কয়েকদিন আগে এ নিয়ে দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক ও বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর ক্ষোভ প্রকাশ করেন তার সতীর্থ জাভেদ মিয়াঁদাদ।

এরপরই পিসিবি নড়েচড়ে বসে। পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের ক্রিকেটে দেশি সাবেক তারকাদের দায়িত্ব দেয়ার দিকে মনোযোগ দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দেশটির হাইপারফরম্যান্স দলের বোলিং কোচ হিসাবে স্পিডস্টার শোয়েব আখতার ও ব্যাটিং-ফিল্ডিং কোচ হিসাবে রাজ্জাক এবং ইউসুফকে রাখার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।

প্রসঙ্গত, ৪৫ বছর বয়সী সাবেক পাক গতিতারকা শোয়েব আখতার পাকিস্তানের হয়ে ৪৬ টেস্টে ১৭৮ এবং ১৬৩ ওয়ানডে খেলে ২৪৭ উইকেট নিয়েছেন। আর মোহাম্মদ ইউসুফ পাকিস্তানের জার্সি গায়ে ৯০ টেস্টে করেছেন ৭ হাজার ৫৩০ রান। ওয়ানডেতে তার সংগ্রহ বিশাল। ২৮৮ ম্যাচে ৯ হাজার ৭২৩ রান করেছেন তিনি।

পেস অলরাউন্ডার আব্দুর রাজ্জাক পাকিস্তানের হয়ে ২৬৫ ওয়ানডে খেলে ৫ হাজারের বেশি রান করেছেন, সেই সঙ্গে ২৬৯টি উইকেট রয়েছে তার ঝুলিতে।

আরও পড়ুন  দ্বিতীয় টি২০তে ব্যাটিংয়ে বাংলাদেশ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ