৫ ভারতীয়কে অপহরণ, চীন-ভারত উত্তেজনা তুঙ্গে

প্রকাশিত: 4:33 PM, September 7, 2020

৫ ভারতীয়কে অপহরণ, চীন-ভারত উত্তেজনা তুঙ্গে

বিশ্বভূবন ডেস্ক:

সীমান্ত সংলগ্ন অরুণাচল প্রদেশ থেকে পাঁচ ভারতীয় নাগরিককে চীনের সামরিক বাহিনীর অপহরণের খবরে নয়াদিল্লি এবং বেইজিংয়ের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। গত কয়েক মাস ধরে প্রতিবেশি পারমাণবিক অস্ত্রধারী এ দুই দেশের চলমান উত্তেজনায় নতুন পারদ যুক্ত করেছে অপহরণের এ খবর।

গত সপ্তাহে এই ভারতীয়রা অপহৃত হলেও বিষয়টি গণমাধ্যমে আসে ৫ সেপ্টেম্বর; ওইদিন অরুণাচল প্রদেশের একজন বিধায়ক সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বার্তায় ভারতীয় পাঁচ নাগরিককে চীনা সৈন্যরা ধরে নিয়ে গেছে বলে অভিযোগ করেন।

এ ঘটনার পর ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার একজন সদস্য বলেছেন, চীনের সামরিক বাহিনীর কাছে হটলাইনে বার্তা পাঠানো হয়েছে। চীন এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানায়নি।

অরুণাচলের বিধায়ক তাপির গাও এক টুইটে বলেন, সীমান্তের কাছ থেকে গত ৩ সেপ্টেম্বর ভারতীয়দের অপহরণের ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে আর কোনও বিস্তারিত তথ্য দেননি তিনি।

আরও পড়ুন  এবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সাথে প্রিয়া সাহা

ভারতীয়দের অপহরণের ব্যাপারে দেশটির কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর কাছে এক সাংবাদিক জানতে চাইলে বলেন, চীনের সামরিক বাহিনীর কাছ থেকে বার্তা পাওয়ার অপেক্ষা করছে ভারতীয় সেনাবাহিনী। অরুণাচলের এই ঘটনায় চীন-ভারতের মাঝে আরও উত্তেজনা ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে।

গত মাসে দুই দেশের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) চীনের সামরিক বাহিনী মাত্র এক সপ্তাহে অন্তত দু’বার উসকানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছে বলে অভিযোগ তোলে ভারত। যদিও বেইজিং এই অভিযোগ অস্বীকার করেছে।

গত ৫ সেপ্টেম্বর রাশিয়ার রাজধানী মস্কোতে চীনের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। দুই দেশের মাঝে যখন চরম উত্তেজনা বিরাজ করছে; সেই সময় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

চীন বলছে, সীমান্তের এই মুখোমুখি উত্তেজনাকর পরিস্থিতির জন্য ভারতই পুরোপুরি দায়ী। নিজ ভূখণ্ডের এক ইঞ্চিও হারাতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বেইজিং।

এদিকে, ভারত অভিযোগ করে বলেছে, সীমান্তে ব্যাপক সৈন্য সমাবেশ করে আগ্রাসী আচরণ এবং একপাক্ষিকভাবে সীমান্ত এলাকায় পরিবর্তন আনার চেষ্টা করছে চীন।

আরও পড়ুন  আফগানিস্তানে ৮৩ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত

হিমালয় অঞ্চলে প্রতিবেশি দুই দেশের সীমান্ত বিরোধ কয়েক দশক ধরে চলেও কোনও সমাধানে পৌঁছাতে পারেনি বেইজিং-দিল্লি। সামরিক ও কূটনৈতিক পর্যায়ে দফায় দফায় বৈঠক হলেও উত্তেজনা কমেনি; বরং সময়ে সময়ে উত্তেজনায় যুক্ত হয়েছে নতুন মাত্রা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ