সিলেট | |
প্রকাশিত: 2:33 PM, September 1, 2020
বিশ্বভূবন ডেস্ক:
রাজকীয় এক আদেশ জারির মাধ্যমে সৌদি আরবের বেশ কয়েকজন প্রতিরক্ষা কর্মকর্তাকে বরখাস্ত করেছেন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। বরখাস্তকৃতদের মধ্যে রাজপরিবারের দুই সদস্যও রয়েছেন।
আদেশে বলা হয়, ইয়েমেনে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন যৌথ বাহিনীর কমান্ডারের পদ থেকে প্রিন্স ফাহাদ বিন তুর্কিকে অব্যাহতি দিয়েছেন সৌদি বাদশাহ সালমান। একই সঙ্গে ফাহাদের ছেলে আব্দুল আজিজ বিন ফাহাদকেও ডেপুটি গভর্নরের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
রাজপরিবারের এই দুই সদস্যসহ অন্য চার কর্মকর্তার বিরুদ্ধে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগের তদন্ত হবে বলে আদেশে জানানো হয়েছে।
বাদশাহ সালমানের ছেলে ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে দেশটির ডি-ফ্যাক্টো নেতা হিসেবে মনে করা হয়। দেশটিতে সরকারের ভেতরে তথাকথিত দুর্নীতির বিরুদ্ধে অভিযানের নেতৃত্ব দিয়ে আসছেন তিনি।
যদিও সমালোচকরা বলছেন, ক্ষমতা গ্রহণের প্রতিবন্ধকতা দূর করার জন্য এবং প্রাণ ভয়ে দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের গ্রেপ্তার করা হচ্ছে।
লতি বছরের শুরুর দিকে মার্কিন প্রভাবশালী দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে জানানো হয়, সৌদি আরবের বাদশাহ সালমানের ছোট ভাই প্রিন্স আহমেদ বিন আব্দুল আজিজ ও সাবেক ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন নায়েফসহ রাজপরিবারের জ্যেষ্ঠ তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
যদিও সবচেয়ে আলোচিত ধরপাকড়ের ঘটনা ঘটে ২০১৭ সালে। ওই সময় সৌদি রাজপরিবারের কয়েকজন সদস্য, মন্ত্রী এবং শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের রিয়াদের রিৎজ-কার্লটন হোটেলে আটকে রাখা হয়। যদিও পরবর্তীকালে সৌদির সরকারি তহবিলে ১০৬ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার দেয়ার বিনিময়ে তাদের বেশিরভাগই ছাড়া পান।
২০১৬ সালে ক্ষমতা গ্রহণের পর ব্যাপক রক্ষণশীল সৌদি আরবে বেশ কিছু অর্থনৈতিক ও সামাজিক সংস্কার এনে বিশ্বজুড়ে প্রশংসিত হন ৩৫ বছর বয়সী ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।
ইয়েমেনে সংঘাত অব্যাহত রাখার কারণে সমালোচনার মুখে আছেন সৌদির এই প্রিন্স। দেশটিতে সরকারপন্থি বাহিনীকে সমর্থন দিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। এছাড়া দেশে নারীদের গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হলেও নারী মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে কঠোর আচরণের কারণেও সমালোচনায় আছেন সৌদি যুবরাজ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি