সিলেট | |
প্রকাশিত: 6:08 PM, February 4, 2020
মাঠে ময়দানে ডেস্ক:
২০১৯ বিশ্বকাপে প্রত্যাশিত সাফল্য পায়নি বাংলাদেশ। তবে প্রথম বিশ্বকাপ খেলতে এসেই টাইগারদের জার্সিতে আলো ছড়িয়েছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। সেই সাইফউদ্দিনই চোটের কারণে দীর্ঘদিন দলের বাইরে। বিশ্বকাপের পর ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে শেষ বারের মতো বাংলাদেশের জার্সি চাপিয়েছেন।
ফলে খেলতে পারেননি বিপিএলে, বিসিএলের প্রথম রাউন্ডের। ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন আগেই, এবার পুনরায় মাঠে ফেরার পালা।
সাইফউদ্দিনকে নিয়ে কাজ করছিলেন চম্পকা রামানায়েকে। দীর্ঘদিন ধরে বাংলাদেশের পেসারদের নিয়ে তিনি কাজ করছেন। আজ (মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ লঙ্কান বোলিং কোচ সাইফউদ্দিনের ব্যাপারে সুখবর দিলেন। তিনি জানান, জিম্বাবুয়ে সিরিজ মাথায় রেখে প্রস্তুত হচ্ছেন সাইফউদ্দিন; খেলবেন বিসিএলেও।
রামানায়েক বলেন,’গত কয়েক দিন ধরে ওর (মোহাম্মদ সাইফউদ্দিন) সাথে কাজ করছি। তার ব্যাক ইনজুরি ছিল কিন্তু তার অবস্থা দিনে দিনে ভালো হচ্ছে। এখন সে বোলিং করা শুরু করেছে। সে জিম্বাবুয়ে সিরিজ মাথায় রেখে প্রস্তুত হচ্ছে। সম্ভবত সে ১৪ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া বিসিএলের ম্যাচে খেলবে। এই মুহূর্তে তার অবস্থা নিয়ে আমি খুবই খুশি।’
অনুশীলনে পুরোদমে বোলিং করতে থাকা সাইফউদ্দিন ইয়র্কার নিয়ে কাজ করছেন। রামানায়েকের কাছে জানতে চাওয়া হয় ইয়র্কারে মনোযোগের কারণ।
রামানায়েক উত্তরে বলেন, ‘সে জানে সে কি করছে। সে খুবই চালাক ক্রিকেটার। সে ডেথ ওভারে বল করতে ভালোবাসে এবং সে কারণে সে ইয়র্কার নিয়ে কাজ করছে। এই মুহূর্তে আমরা স্কিল নিয়ে ওভাবে কাজ করছি না। কারণ সে চারদিনের ক্রিকেট খেলবে ১৪ তারিখ থেকে। তবুও সে ইয়র্কার নিয়ে কাজ করছে। আমরা জানি সে ইয়র্কার করতে পারে কিন্তু মাঠে প্রয়োগটা গুরুত্বপূর্ণ। সঠিক ফল পেতে বারবার চেষ্টা করতে হয়। তার একটা প্ল্যান আছে।’
রামানায়েকের সঙ্গে কাজ করে খুশি মোহাম্মদ সাইফউদ্দিন। নির্দিষ্ট কিছু জায়গা নিয়ে কাজ করছেন রামানায়েক। রামানায়েকের কাছ থেকে সর্বোচ্চ সুফলটাই নেবার চেষ্টা করবেন এই পেস বোলিং অলরাউন্ডার।
সাইফউদ্দিন বলেন, ‘হ্যাঁ অবশ্যই ও যেহেতু একজন অভিজ্ঞ বোলিং কোচ। অনেক আগে থেকেই বাংলাদেশ দলের সাথে কাজ করছে। আর ও শ্রীলঙ্কান সাবেক পেস বোলার। আসলে ওর থেকে অনেক শেখার আছে, যদিও ওর সাথে দীর্ঘ সময় ধরে কাজ করার সুযোগ হয়নি। কিন্তু নির্দিষ্ট কিছু জায়গায় নিয়ে কাজ করেছে যা ভালো লেগেছে। তো আরও যেহেতু এক সপ্তাহ আছে আমার হাতে, আরও কিছু অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করবো ওর থেকে।’
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি