সিলেট | |
প্রকাশিত: 5:27 PM, December 8, 2020
বিশ্বভূবন ডেস্ক:
ভারতে বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লির সীমান্তে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানিয়েছেন বলিউড তারকারাও।
শুরু থেকেই পাঞ্জাবের তারকারা কৃষকদের এই আন্দোলনে পাশে ছিলেন। এবার বলিউড তারকারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে কৃষকদের এই আন্দোলনে সমর্থন জানিয়েছেন।
প্রিয়াঙ্কা চোপড়া বলেন, আমাদের কৃষকরা হলেন ভারতের ‘খাদ্য সৈনিক’। তাদের আশঙ্কা দূর করা উচিত। তাদের আশা পূরণ করা উচিত।
দিলজিত দোসাঞ্জের একটি টুইট রি-টুইট করে প্রিয়াঙ্কা লেখেন, একটি সমৃদ্ধশালী গণতন্ত্র হিসেবে, এই সংকটের দ্রুত সমাধান আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে।
অভিনেত্রী প্রীতি জিনতা টুইটে বলেন, এই মহামারিতে তীব্র শীত উপেক্ষা করে যারা আন্দোলন করছেন সেসব কৃষক ও তাদের পরিবারের প্রতি আমার সহানুভূতি। তারা সেই মাটির সেনা, যারা আমাদের দেশকে পরিচালনা করেন। আমি আন্তরিকভাবে আশা করি কৃষক ও সরকারের মধ্যে আলোচনা থেকে দ্রুত ইতিবাচক ফল পাওয়া যাবে এবং সব সমাধান হয়ে যাবে।
ইনস্টাগ্রামে কৃষক আন্দোলনের একাধিক ছবির সঙ্গে ড্যানিয়েল ওয়েবস্টারের একটি বিখ্যাত উক্তি পোস্ট করেছেন অভিনেত্রী সোনম কাপুর আহুজা। পাশাপাশি, কৃষকদের সমর্থন জানাতে তিনি ‘দিল্লিচলো’ হ্যাশট্যাগও ব্যবহার করেছেন। সোনম কাপুরের স্বামী আনন্দ আহুজাও সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃষক আন্দোলনে সমর্থন জানিয়েছেন।
বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া কৃষক আন্দোলনে সমর্থন জানিয়ে গায়ক-র্যাপার বাদশাহ’র একটি পোস্ট টুইট করেন। টুইটে তিনি কৃষকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এছাড়াও সনু সুড, রিতেশ দেশমুখ, তাপসী পান্নু, রিচা চাড্ডা, চিত্রাঙ্গদা সিং, স্বরা ভাস্কর, গওহর খানের মতো বলিউড তারকারাও দেশের উন্নয়ন ও সভ্যতার টিকে থাকার লড়াইয়ে কৃষকদের ভূমিকার কথা স্মরণ করেছেন এবং কৃষকদের আন্দোলনে সমর্থন জানিয়েছেন।
দিল্লি সীমান্তে কৃষক বিক্ষোভে অংশ নিয়েছেন ভারতের প্রথম অলিম্পিক পদকজয়ী পাঞ্জাবি বক্সার বিজেন্দ্র সিংসহ আরও অনেক আইকন খেলোয়াড়। ভারতের হকি টিমের সাবেক অধিনায়ক রাজবীর কৌর, অলিম্পিক স্বর্ণপদক জয়ী হকি খেলোয়াড় গুরমিল সিং ও দুই বারের এশিয়ান স্বর্ণপদক প্রাপ্ত কুস্তিগীর করতার সিংও সরাসরি দিল্লি সীমান্তে বিক্ষোভে অংশ নিয়েছেন।
অন্যদিকে, কৃষকদের এই আন্দোলন নিয়ে প্রশ্ন তুলে কৃষি আইনকে সমর্থন জানিয়েছে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউড গায়ক মিকা সিং ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। এছাড়াও কৃষক আন্দোলন নিয়ে পাঞ্জাবে বিজেপির সংসদ সদস্য বলিউড তারকা সানি দেওল টুইটারে দীর্ঘ পোস্টে লিখেছেন, কিছু মানুষ এই আন্দোলনকে কাজে লাগিয়ে নিজেদের আখের গোছানোর চেষ্টা করছে। তারা কৃষকদের বিষয়ে না ভেবে বরং ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতেই ব্যস্ত। তাই আমি আমার দল ও কৃষক- উভয়ের পাশেই আছি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি